প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহীর গোদাগাড়ীতে টানা ২ দিনের বৃষ্টিতে কৃষক ও ইটভাটার মালিকেরা বিপদে পড়েছেন। কাটা ও পালা করা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বৃষ্টির পানিতে। অব্যাহত বৃষ্টির কারণে উপজেলার ইটভাটায় ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, বিভিন্ন সবজি খেতে জমা পানির কারণে ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মাঠে থাকা পাকা আমন ধান নিয়ে কৃষকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। অনেক কৃষক ধান কাটা শুরু করলেও বৃষ্টির কারণে জমিতে থাকা পাকা ধান কাটতে পারছেন না। ফলে গোদাগাড়ীর কৃষি ও ইটশিল্পে ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।
গত দুই দিন ধরে গোদাগাড়ী উপজেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো মুষলধারে আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বৃষ্টির কারণে নিচু জমি ও সবজি খেতে পানি জমতে শুরু করেছে। এতে শীতকালীন সবজি চাষ নিয়ে কৃষকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন ও মরিচসহ বিভিন্ন সবজির ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
গোদাগাড়ী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ২৩ হাজার ৭৬২ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ২৫ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলেছেন কৃষকেরা। বাকী ধান কেটে পাড়নে ভিজছে, জামিতে পাকা ধান পড়ে গেছে এবং বৃষ্টির কারণে ক্ষতি হচ্ছে।
এ বছর উচ্চফলনশীল স্বর্ণ, ব্রি-৫১, ৭৫, ৮৭, ৯০, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ১০৩ এবং বিনাধান-১৭ ও ২৬ জাতের পাশাপাশি বিভিন্ন হাইব্রিড জাতের ধান চাষ করেছেন কৃষকেরা।
উপজেলার আমতলি গ্রামের কৃষক আব্দুল মামুন বলেন, ‘৫ বিঘা জমির ধান তোলা হয়েছে, প্রায় ৬ বিঘা কাটা ধান জমিতে পড়ে আছে। বৃষ্টির কারণে ধান ঠিকমতো ঘরে তুলতে পারব কি না, তা নিয়ে চিন্তায় আছি। ভালো ফলনের পাশাপাশি আশানুরূপ দাম পেলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’ তিনি আরও বলেন, ‘আল্লাহর উপর কারো হাত নেই। তিনি যা করবেন তা মেনে নিতে হবে।’
মাটিকাটা ইউনিয়নের কানাইডাঙ্গা এলাকার কৃষক অতিউর রহমান আতি জানান, তিন বিঘা জমির ধান কেঁটে শুকানোর জন্য রাখা হয়েছিল, সব ধান ভিজে গেছে। জমিতে পানি জমেছে। আইলগুলি পানি নিস্কাশনের জন্য কেঁটে দিচ্ছি। কাটা ধান ও পাকা ধান নিয়ে খুবই সমস্যায় আছি।
উপজেলার শিবসাগর গ্রামের সবজি চাষি আব্দুল কুদ্দুস বলেন, ‘দুই দিনের টানা বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এতে সবজি গাছের গোড়ায় পানি জমে গাছ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক কষ্ট ও খরচ করে সবজি চাষ করেছি। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। পানি দ্রুত না নামলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি লোকসান গুনতে হবে।’
অন্যদিকে, বৃষ্টির প্রভাবে উপজেলার ইটভাটা গুলির কার্যক্রমও ব্যাহত হচ্ছে। অনেক ইট পানিতে নষ্ট হয়ে গেছে, বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে তৈরি ও আধা তৈরি কাঁচা ইট। পাশাপাশি ইট শুকানো, পোড়ানো ও পরিবহনের কাজেও বিঘ্ন ঘটছে। এতে ইটভাটাগুলোতে আনুমানিক কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানাচ্ছেন।
ইটভাটার মালিকগণ বলেন, ‘টানা বৃষ্টিতে ইটভাটার কাজে সমস্যা তৈরি হয়েছে। বৃষ্টির পানিতে কাঁচা ইট ভিজে নষ্ট হচ্ছে। ইট শুকানো ও উৎপাদনের কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকলে ইটভাটার মালিকদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। পাশাপাশি শ্রমিকদের কাজের ধারাবাহিকতাও ব্যাহত হচ্ছে।’
এদিকে, আমন ধান ঘরে তোলার মৌসুমে বৃষ্টি নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে কৃষকদের। অনেক কৃষক ইতিমধ্যে পাকা ধান কাটা শুরু করেছেন। তবে এখনো বহু কৃষকের পাকা আমন ধান মাঠে রয়েছে। টানা বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটতে পারছেন না তাঁরা। বৃষ্টি অব্যাহত থাকলে পাকা ধান নষ্ট হওয়া, ধানের মান কমে যাওয়া এবং ফসল ঘরে তুলতে অতিরিক্ত খরচের আশঙ্কা করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়মকে আহম্মেদ বলেন, ‘টানা বৃষ্টিতে সবজি খেতে পানি জমলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে জলাবদ্ধতা সৃষ্টি হলে গাছের গোড়ায় পচন ধরতে পারে। এ অবস্থায় কৃষকদের জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। খেতে যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে নজর রাখতে হবে। বৃষ্টি কমার পর ফসলের অবস্থা বুঝে প্রয়োজনীয় পরিচর্যা করতে হবে।’
টানা বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল, কাঁচা সড়ক ও বিভিন্ন এলাকায় পানি জমে জনদুর্ভোগও বাড়ছে। বৃষ্টি অব্যাহত থাকলে কৃষি ও ইটশিল্পের পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও এর প্রভাব পড়তে পারে। দ্রুত বৃষ্টি কমে আবহাওয়া স্বাভাবিক হওয়া এবং মাঠের ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছেন কৃষক ও সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন