প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জনভোগান্তি কমানোর উদ্দেশ্যে এবং ভবিষ্যতে খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) দেশে প্রথমবারের মতো ডাক্ট সিস্টেম সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নগরীর বন্দর এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শনকালে সিটি প্রশাসক ডা. শাহাদাত হোসেন এই ঘোষণা প্রদান করেন।
তিনি উল্লেখ করেন, ডাক্ট সিস্টেমের মাধ্যমে রাস্তা কাটা ছাড়াই মাটির নিচ দিয়ে বিভিন্ন পরিষেবা লাইন স্থাপন করা হবে। বিদ্যুৎ, ইন্টারনেট, টেলিফোন, গ্যাস এবং পানির লাইনগুলো সুড়ঙ্গের মাধ্যমে যাবে। চট্টগ্রাম বন্দর থেকে দেওয়ান হাট পর্যন্ত নির্মিতব্য এই সড়কের জন্য ডিপিপি প্রস্তুত করা হয়েছে। এটি হবে আর সি সি রাস্তা সড়ক।
চট্টগ্রাম নগরীর সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন এবং টেকসই অবকাঠামো গড়ে তোলার জন্য প্রশাসক নগরীর সকল সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সল্টগোলা থেকে কাস্টমস পর্যন্ত সড়ক পরিদর্শনের সময় তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা, গণপূর্ত অধিদপ্তর এবং কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সম্মিলিতভাবে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে নগরীর মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে বন্দর এলাকা থেকে দেওয়ানহাট ব্রিজ পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণের জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হচ্ছে। এতে ডাক্ট সিস্টেম অন্তর্ভুক্ত থাকবে, যার মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস, ওয়াসা ও কেবল লাইনসহ বিভিন্ন সেবা সংস্থার ইউটিলিটি লাইন স্থাপন করা হবে।
এ ধরনের ডাক্ট সিস্টেম চালু হলে ভবিষ্যতে বিভিন্ন সেবা সংস্থার লাইন মেরামত বা নতুন সংযোগ স্থাপনের জন্য বারবার সড়ক খননের প্রয়োজন হবে না। ডাক্টের ভেতর থেকেই প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করা যাবে। এর ফলে সড়কের স্থায়িত্ব বৃদ্ধি পাবে এবং নগরবাসীর ভোগান্তি কমবে। দেশে প্রথমবারের মতো এ ধরনের ডাক্ট সিস্টেমযুক্ত সড়ক নির্মাণের পরিকল্পনা চট্টগ্রামে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হচ্ছে। এর মাধ্যমে একটি টেকসই ও আধুনিক সড়ক অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি নগরীর সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন