প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বন্ধুর সঙ্গে খোলামেলা আলোচনা করার সময় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা স্বাভাবিক বিষয়। সঙ্গীর সঙ্গে ঝগড়া, অভিমান কিংবা তার আচরণ নিয়ে কাছের বন্ধুর কাছে পরামর্শ চাওয়া হতে পারে। তবে সব বিষয় বন্ধুকে জানানো সবসময় সম্পর্কের জন্য ইতিবাচক হতে পারে না।
মনোবিদদের মতে, সম্পর্কের কিছু বিষয় একান্তভাবে দুজনের মধ্যে থাকা উচিত। কারণ, আপনি হয়তো রাগের বশে বন্ধুকে কিছু বললেন, পরে সঙ্গীর সঙ্গে সবকিছু মিটে গেল। কিন্তু আপনার বন্ধু হয়তো সেই ঘটনা বা কথাগুলো মনে রাখতে পারে। তাই সম্পর্কের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করার ক্ষেত্রে একটি সীমা থাকা অত্যাবশ্যক।
কোন কোন বিষয়গুলো বন্ধু বা কাছের মানুষদের জানানো উচিত নয়?
১. ঝগড়ার খুঁটিনাটি
দাম্পত্য বা প্রেমের সম্পর্কের মধ্যে মতবিরোধ হওয়া স্বাভাবিক। কিন্তু ঝগড়ার সময় সঙ্গী ঠিক কী বলেছেন, কতটা রেগে গিয়েছিলেন বা কী নিয়ে তর্ক হয়েছে—এসব কিছু বন্ধুদের জানানো সঠিক নয়।
কারণ, আপনি হয়তো পরদিনই সঙ্গীর সঙ্গে কথা বলে ঝামেলা মিটিয়ে ফেললেন। কিন্তু আপনার বন্ধু হয়তো আপনার সঙ্গীর সেই রাগী বা খারাপ সময়ের আচরণই মনে রাখবেন। পরে দুজনের দেখা হলে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
২. সঙ্গীর ব্যক্তিগত দুর্বলতা
সঙ্গী আপনার কাছে তার কর্মজীবন, পরিবার, অতীত, শারীরিক গঠন বা অর্থনৈতিক বিষয় নিয়ে এমন কিছু কথা বলেছেন, যা অন্য কারও সঙ্গে বলতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
আপনার কাছে এসব কথা বলা তার বিশ্বাসের প্রকাশ। তাই বন্ধুর সঙ্গে তা শেয়ার করার আগে ভাবুন, সঙ্গী আপনার পাশে থাকলে তিনি কি একই কথা অন্যের সামনে শুনতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন?
যদি উত্তর না হয়, তাহলে সেই ব্যক্তিগত দুর্বলতা নিয়ে বন্ধুর সঙ্গে আলোচনা করা বা হাসাহাসি না করাই ভালো।
৩. একান্ত ব্যক্তিগত মুহূর্ত ও অভ্যাস
প্রতিটি সম্পর্কেই এমন কিছু মুহূর্ত, খুনসুটি, স্মৃতি ও ব্যক্তিগত অভ্যাস থাকে, যা কেবল দুজন মানুষেরই জানা। এসব বিষয় সম্পর্কের বিশেষত্বের অংশ।
বন্ধুদের আড্ডায় এসব একান্ত ব্যক্তিগত কথা বলে ফেললে সঙ্গীর সম্মানে আঘাত লাগতে পারে। সম্পর্কের ভালো লাগা, বোঝাপড়া বা ভালোবাসার কথা বলা এক বিষয়; কিন্তু সেই সম্পর্কের একান্ত ব্যক্তিগত তথ্য অন্যকে জানানো সম্পূর্ণ ভিন্ন বিষয়।
৪. পরিবারের ঝামেলা ও বিবাদ
সঙ্গী নিজের মা-বাবা, ভাইবোন বা পরিবারের কাউকে নিয়ে রাগের সময় আপনার কাছে কিছু বলতে পারেন। সেই মুহূর্তের ক্ষোভ থেকে বলা কথাগুলো বন্ধুদের কাছে ছড়িয়ে দেওয়া উচিত নয়।
কারণ, রাগের মাথায় মানুষ পরিবারের সদস্যদের নিয়ে অনেক কিছু বললেও পরদিন আবার সম্পর্ক স্বাভাবিক হয়ে যেতে পারে। কিন্তু আপনি সেই কথাগুলো বন্ধুদের জানালে তাঁদের মনে ওই পরিবারের সদস্যদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।
৫. সম্পর্কের ভবিষ্যৎ পরিকল্পনা
বিয়ে, সন্তান নেওয়া, কর্মজীবনে পরিবর্তন বা অন্য শহরে চলে যাওয়ার মতো বিষয় নিয়ে দম্পতিদের মধ্যে আলোচনা হতে পারে। এসব আলোচনা অনেক সময় চূড়ান্ত সিদ্ধান্ত নয়; বরং নিজেদের মধ্যে ভাবনা ও সম্ভাবনা নিয়ে কথাবার্তা।
কিন্তু এই প্রাথমিক চিন্তাগুলো বন্ধুদের জানালে তারা সেটিকে চূড়ান্ত সিদ্ধান্ত মনে করতে পারেন। পরে এ নিয়ে প্রশ্ন বা মতামত দিতে শুরু করলে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেওয়াও জটিল হয়ে উঠতে পারে।
তাহলে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করার এবং প্রয়োজন হলে মত পরিবর্তনের স্বাধীনতা থাকা জরুরি।
সব কথা বলার প্রয়োজন নেই
বন্ধুত্বে খোলামেলা কথা বলা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সম্পর্কের ব্যক্তিগত সীমারেখা বজায় রাখাও অপরিহার্য। কোনো সমস্যা নিয়ে বন্ধুর পরামর্শ প্রয়োজন হলে পরিস্থিতির মূল বিষয়টি বলা যেতে পারে, কিন্তু সঙ্গীর ব্যক্তিগত দুর্বলতা, একান্ত মুহূর্ত বা ঝগড়ার খুঁটিনাটি প্রকাশ না করাই ভালো।
কারণ একটি সম্পর্ক শুধু ভালোবাসার ওপর নয়, পারস্পরিক বিশ্বাস ও ব্যক্তিগত গোপনীয়তার ওপরও দাঁড়িয়ে থাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন