প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কার কারণে শুক্রবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। সউদী আরবের রাজধানী রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের চলাচলে সমস্যা হওয়ার খবরের প্রেক্ষিতে এই উদ্বেগ সৃষ্টি হয়েছে।
তবে, দিনের শুরুতে দাম বেড়ে গেলেও পুরো সপ্তাহের হিসাব অনুযায়ী তেলের দাম কমার পথে রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) গ্রিনিচ মান সময় রাত ১টা ১৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৯২ ডলার ২২ সেন্টে পৌঁছায়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের ডিসেম্বর মাসের সরবরাহ চুক্তির দাম ব্যারেলপ্রতি ১৯ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৮৩ ডলার ৪০ সেন্ট হয়। জানুয়ারি মাসের চুক্তির দামও ২০ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৮২ ডলার ৬৪ সেন্টে পৌঁছেছে।
এর আগে বৃহস্পতিবার দুই ধরনের তেলের দাম প্রায় অপরিবর্তিত ছিল। তবে সপ্তাহের হিসেবে ব্রেন্টের দাম ৩ দশমিক ৫ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের ডিসেম্বর মাসের চুক্তির দাম ৬ শতাংশ কমতে পারে। এই পরিস্থিতি টানা তৃতীয় সপ্তাহের মতো দুই ধরনের তেলের দাম কমার আশঙ্কা তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, চাহিদার তুলনায় বিশ্ববাজারে তেলের সরবরাহ বেশি হওয়ার আশঙ্কা দাম কমানোর অন্যতম কারণ। যুদ্ধ শুরুর পূর্ববর্তী সময়ের কাছাকাছি পরিমাণে হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন আবার শুরু হওয়ায় বাজারে সরবরাহ আরও বৃদ্ধি পেতে পারে।
রাকুতেন সিকিউরিটিজের পণ্যবাজার বিশ্লেষক সাতোরু ইয়োশিদা মন্তব্য করেন, "হুতিদের রিয়াদে হামলার পর মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।" এর ফলে বিনিয়োগকারীরা তেল কিনতে আগ্রহী হচ্ছেন। চলতি মাসের শেষ দিকে ওপেক প্লাসের বৈঠকে উৎপাদন কমানোর বিষয়ে দেশগুলোর মধ্যে পূর্বের সমঝোতা বজায় থাকার প্রত্যাশাও তেলের দাম বাড়াতে ভূমিকা রাখছে।
ইরানের সমর্থনপুষ্ট হুতি গোষ্ঠী সউদী আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চলমান সংঘাতের মধ্যে এটি দেশটির ওপর সর্বশেষ হামলা।
এদিকে, বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হেনেছে। এতে জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
২০২৭ সালে তেল উৎপাদনের পরিমাণ নির্ধারণ করতে আগামী ২৯ নভেম্বর বৈঠকে বসবেন ওপেক প্লাসের মন্ত্রীরা। এই জোটে রয়েছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং রাশিয়ার মতো মিত্র দেশগুলো।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বৃহস্পতিবার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বে তেল ও গ্যাসের বাণিজ্য ইতিহাসের সবচেয়ে বড় বিঘ্নের মুখে পড়েছে। সংস্থাটির মতে, এই পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশের সরকার বিদ্যুতের ব্যবহার বাড়ানো, জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করা এবং তেলের বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিতে পারে। এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে তেলের চাহিদা ৪ শতাংশের বেশি কমতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন