প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা থেকে কুয়াকাটায় পর্যটন কার্নিভালে যোগ দিতে আসা একটি পর্যটকবাহী বাস বরগুনার আমতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বরগুনার আমতলী উপজেলার বান্দ্রা বাজার এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে আমতলী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৪ থেকে ৫ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, গতকাল রাতে ঢাকা থেকে পর্যটক ও যাত্রী নিয়ে ইমরান পরিবহন নামের বাসটি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পরে বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলার বান্দ্রা বাজার এলাকায় পৌঁছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে গিয়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কলাপাড়া ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ছাড়া ৪-৫ জন গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত হয়েছেন।
আমতলী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মাহবুবুর আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। বাসটির বেশিরভাগ যাত্রী কুয়াকাটার পর্যটন কার্নিভালে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, বান্দ্রা বাজার এলাকায় পৌঁছানোর আগের স্টপেজে বাসের চালক নেমে যান। এরপর বাসটি হেলপার চালাচ্ছিলেন। সড়কের একটি বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি, তবে ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বাসের চালক ও হেলপার পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন