প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দীর্ঘ ৮ বছর পর, চাঁদপুর মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের স্থায়ী ক্যাম্পাস হতে যাচ্ছে। এ উপলক্ষে রোববার সকালে সদর উপজেলার গাছতলা এলাকায় ভূমি অধিগ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি ফিতা কেটে জায়গাটির উদ্বোধন করেন।
এদিকে, স্থায়ী ক্যাম্পাস হবে এমন খবর শুনে শিক্ষার্থীরা খুশি। কারণ, গত ৮ বছর ধরে তারা সীমিত পরিসরে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তাদের একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। ফলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আগামী দেড় বছরের মধ্যে ৩১ একর জায়গার ওপর চাঁদপুর মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ শুরু হবে।
এ সময়ে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শায়লা শারমিন, প্রকল্প পরিচালক চাঁদপুর মেডিকেল কলেজ ডা. হারুনুর রশিদ, চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম উদ্দিন টিটু, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, বিশিষ্ট চিকিৎসক মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও।
এ সময়ে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা। তিনি বলেন, তাই এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রতিষ্ঠান চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি দক্ষ চিকিৎসক ও নার্স তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় শিক্ষার্থীরা দ্রুত প্রকল্পটির বাস্তবায়নের দাবি জানান।
প্রকল্প পরিচালক ডা. হারুনুর রশিদ ওই সময় সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রকল্পটি দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন