প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের নেছারাবাদে একটি স্কুল ফিডিং কার্যক্রমের জন্য বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত তিন যুবক ২৭ প্যাকেট দুধ ফেরত দিয়েছেন। তবে, এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে অভিযুক্তরা দুধগুলো ফেরত দেন। বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, তিন বন্ধু ৩০ প্যাকেট দুধের মধ্যে তিন প্যাকেট খেয়ে ফেলেছে। বাকি দুধ তারা ভাগ করে নিয়ে যায়। পরে খবরটি ছড়িয়ে পড়লে বুধবার সকালে সেই দুধ ফেরত দেয় তারা।
এদিকে, বিদ্যালয় থেকে দুধ চুরি হলেও বিষয়টি শিক্ষা অফিসকে অবগত না করায় প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। নেছারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
শোকজে প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এর আগে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ১৪৮ নম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুধ চুরির ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন স্থানীয় ‘বিন্না ইয়ংমেন্স ক্লাব’ এর সাংস্কৃতিক সম্পাদক নাদিম মাহমুদ ও তার দুই বন্ধু। অভিযুক্ত নাদিম দাবি করেছেন, তিনি ও তার বন্ধুরা মাত্র তিন প্যাকেট দুধ নিয়েছেন। তারা জানতেন না যে দুধগুলো শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাম্মৎ আশা বলেন, শুক্রবার বিদ্যালয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী আসেন। তাদের আপ্যায়নে শিক্ষকরা ব্যস্ত থাকার সুযোগে লাইব্রেরিতে রাখা শিশুদের স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
তার দাবি, নাদিমসহ স্থানীয় তিন যুবক ৩০ প্যাকেট দুধ নিয়ে যান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুধ চুরির বিষয়টি ধরা পড়ে। বুধবার খবরটি ছড়িয়ে পড়লে নাদিম ও তার সহযোগীরা ২৭ প্যাকেট দুধ ফেরত দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম জানান, শুক্রবার বিন্নায় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা বিদ্যালয়ে আসায় অতিথিদের বসার ব্যবস্থা করতে স্কুল খুলে দেওয়া হয়। শিক্ষকরা তাদের আপ্যায়নে ব্যস্ত থাকার সময় তিনি ওয়াশরুমে যান। এ সুযোগে লাইব্রেরিতে রাখা ৭৯ প্যাকেট দুধের মধ্যে ৩০ প্যাকেট নাদিম ও তার দুই বন্ধু গোপনে নিয়ে যান।
তিনি আরও বলেন, বুধবার সকালে ২৭ প্যাকেট দুধ তারা ফেরত দিয়ে গেছে। মাঝখান থেকে আমাকে শোকজ খেতে হলো।
নেছারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, ঘটনা ঘটেছে শুক্রবার। অথচ, এই কয়দিনে আমাদের অফিসে বিষয়টি জানানো হয়নি। এ কারণে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন