প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সরকারকে ঠেকানোর উদ্দেশ্যে বিরোধীদল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানী ঢাকার গুলশানে আওয়ামী লীগের বিচারের দাবিতে মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ উল্লেখ করেন, গুলশান একটি ভিআইপি এলাকা; যেখানে বিভিন্ন দেশের কূটনীতিকরা বসবাস করেন। এই এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়; সেখানে প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করতে পারে?
তিনি আরও বলেন, শুধু ঢাকাতেই নয়; সারাদেশে গোয়েন্দা সংস্থার সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীকে অর্থ দিয়ে ম্যানেজ করে নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করছে। তাছাড়া প্রশাসন ও গোয়েন্দা সংস্থায় থাকা আওয়ামী লীগের সমর্থকরা এই মিছিলের সুযোগ তৈরি করছে। সরকার যদি একটি পদক্ষেপ নেয়, তাহলে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল বন্ধ হয়ে যাবে। উদাহরণস্বরূপ, যেখানেই নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করবে, সেখানকার ডিসি, এসপি, ওসি, ইউএনওকে বান্দরবান পাঠালে সারাদেশের প্রশাসন সতর্ক হয়ে যাবে।
গণঅধিকার পরিষদের মুখপাত্র বলেন, সরকারকে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। কারণ এই নিষিদ্ধ আওয়ামী লীগ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, বিভিন্ন স্থানে খুন, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে।
আবু হানিফ আরও বলেন, বর্তমানে বিরোধীদল বিশেষ করে জামায়াত-এনসিপি সারাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। সরকারকে ঠেকানোর জন্য জামায়াত-এনসিপি নিষিদ্ধ লীগকে পুনর্বাসন করছে। তারা পুনর্বাসনের মাধ্যমে মূলত নিষিদ্ধ লীগকে মিছিল করার সুযোগ দিচ্ছে। বিরোধীদলের প্রতি আহ্বান— আপনারা অর্থের বিনিময়ে লীগকে পুনর্বাসন করা থেকে বিরত থাকুন। কারণ এই লীগ ফিরে এলে কাউকেই ছাড়বে না।
গণঅধিকার পরিষদ, মহানগর উত্তরের সভাপতি আব্দুর রহিম বলেন, আওয়ামী লীগের নেতারা নিরাপদে বিদেশে আরাম আয়েশ করছেন। অথচ, দেশে থাকা নিরীহ কর্মীদের উসকানি দিয়ে মিছিলে অংশ নিতে বাধ্য করছেন। আপনাদের পলাতক নেতাদের কথায় আর রাস্তায় নেমে বিপদে পড়বেন না।
গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আবির ইসলাম সবুজের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অপূর্ব আলমগীর, সহ সভাপতি ফারজানা কিবরিয়া, রেজওয়নুল শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান, শ্রমিক অধিকার পরিষদের মহানগর উত্তরের সাধারণ সম্পাদক রুবেল, ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক নুরুজ্জামান ইমন প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন