প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুলোর কার্যক্রম নিয়ে আবারও মিশ্র পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাভারের বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকলেও, আশুলিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯টি দাবিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে শ্রমিকদের একটি অংশ।
এ ঘটনার প্রেক্ষিতে আশুলিয়ার পাঁচটি পোশাক কারখানায় কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, একটি কারখানার দিকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, যার পর পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের হাতে একজন শ্রমিক আটক হয়েছে।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। আন্দোলনকারী শ্রমিকদের একটি অংশ বিভিন্ন সড়কে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেন। তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি দেখে তারা পরে বিভিন্ন অলিগলিতে প্রবেশ করেন। একপর্যায়ে একটি পোশাক কারখানার দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, আশুলিয়ার হামীম গ্রুপের নেক্সট ওয়াশ লিমিটেডের শ্রমিক রাকিব হাসানকে পুলিশ আটক করেছে। তবে তাকে আটক করার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। এছাড়া, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ার অন্তত পাঁচটি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করা হয়েছে। সাভারের জিন্স মেনুফ্যাকচার নামে একটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় বেশ কিছু পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে। সকালে কারখানাগুলোর সামনে শ্রমিকদের উপস্থিতি বাড়তে থাকে। নারী ও পুরুষ শ্রমিকরা নির্ধারিত সময়ে কাজে যোগ দেন। শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কেও যানবাহন ও শ্রমিকদের স্বাভাবিক চলাচল লক্ষ্য করা যায়।
শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার আশপাশ ও বিভিন্ন পয়েন্টে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
এদিকে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করছেন শিল্পমালিকেরা। বুধবার (১১ নভেম্বর) আশুলিয়া, জামগড়া ও হেমায়েতপুর এলাকার ১৪৩টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে জানিয়ে এক জরুরি বৈঠকে শিল্পমালিকেরা এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন। আগামী শনিবার (১৪ নভেম্বর) সব সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠেয় বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বৈঠকে উপস্থিত স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম জানান, শ্রমিক অসন্তোষপ্রবণ এলাকার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবারের বৈঠকে সব সদস্যের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
কারখানা মালিকদের দাবি, অনেক শ্রমিক কারখানায় প্রবেশ করলেও উৎপাদন কাজে অংশ নিচ্ছেন না। কেউ কেউ হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে যাচ্ছেন। এর ফলে বেশ কিছু কারখানায় প্রায় দুই সপ্তাহ ধরে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি কারখানায় বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এই ধারায় বেআইনি ধর্মঘটের পরিস্থিতিতে নিয়োগকর্তা প্রতিষ্ঠান বা এর কোনো অংশ বন্ধ রাখতে পারেন। এতে কার্যকর হয় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি।
শ্রমিকদের চলমান আন্দোলনে একদিকে যেমন উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে কারখানা বন্ধের আশঙ্কায় উদ্বেগ বাড়ছে শ্রমিক ও শিল্পসংশ্লিষ্টদের মধ্যে। আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধান না হলে দেশের অন্যতম বৃহৎ পোশাকশিল্প অঞ্চল আশুলিয়ার পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন