প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর বাজারে শীতকালীন আগাম সবজি আসতে শুরু করেছে। যদিও চাহিদা ও সরবরাহ বৃদ্ধি পেয়েছে, তবুও দাম কমেনি। নতুন আলুর কেজি ১২০ টাকা, গাজর ও পুরোনো দেশি টমেটো ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে বাজারে সবজির সরবরাহ বৃদ্ধি পেলেও ক্রেতাদের জন্য স্বস্তি নেই।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর উত্তরার সমবায় বাজার পরিদর্শন করার সময় এ চিত্র দেখা যায়।
সরজমিনে দেখা যায়, প্রতি কেজি গাজর ১৪০ টাকা, নতুন দেশি টমেটো ১৩০ টাকা, পুরোনো দেশি টমেটো ১৪০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মুলার দাম ৫০-৬০ টাকা এবং শিমের দাম ৬০-৮০ টাকা। নতুন আলুর কেজি ১২০ টাকা হলেও পুরোনো আলু ২০ থেকে ২৫ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া শালগম ৮০ টাকা এবং ব্রকলি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যান্য সবজির মধ্যে করলা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৯০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা এবং গোল বেগুন ৬০ টাকা। ঢ্যাঁড়স, চিচিঙ্গা ও পটল ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। কাঁচা মরিচের দাম ৮০ থেকে ১০০ টাকা। পেঁপে ২০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শসার ক্ষেত্রেও দাম ভিন্ন। দেশি শসা ৮০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে পেঁয়াজের দাম ৫০ টাকা কেজি। দেশি রসুন ৯০ টাকা এবং বড় আকারের রসুন ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি হালি কাঁচা কলা ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে সবজির তুলনায় শাকের দাম কিছুটা কম। বাজারে লালশাক, পালংশাক, পুঁইশাক, ডাঁটাশাক, কলমিশাক, মুলাশাক, সরিষাশাক ও লাউশাক বিক্রি হচ্ছে আঁটিপ্রতি ১৫ থেকে ৫০ টাকায়। শাকের ধরন ও আকার অনুযায়ী দামের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে।
বিক্রেতাদের বক্তব্য অনুযায়ী, শীতকালীন সবজির সরবরাহ এখনও পর্যাপ্ত নয়। নতুন মৌসুমের সবজি বাজারে আসতে শুরু করলেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। পরিবহন খরচ বৃদ্ধিও সবজির দামে প্রভাব ফেলছে। তবে ডিসেম্বরের দিকে সরবরাহ বৃদ্ধি পেলে দাম কমার আশা করছেন তারা।
ক্রেতা আবদুস সোবহান বলেন, "বাজারে তেমন কোনো পণ্যের দামই কম নেই। বাড়তি দামের কারণে প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করা যাচ্ছে না। যতটুকু সম্ভব অল্প অল্প করে কিনতে হচ্ছে। বিক্রেতারা বলছেন, ডিসেম্বরে দাম কমবে, তখন আবার জানুয়ারির কথা বলবেন। কিন্তু সাধারণ মানুষের তো প্রতিদিনই বাজার করতে হয়। আয় যেমনই হোক, খাবার কিনে খেতে হবে।"
অন্যদিকে, সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহের মধ্যে বাজারে মোটা চাল ও চিনির দাম বেড়েছে। বিপরীতে, পেঁয়াজ, আমদানি করা রসুন, দেশি ও আমদানি করা আদা, কাঁচা মরিচ এবং শসার দাম কমেছে। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।
মুরগির বাজারে দেখা গেছে, গত কয়েক মাস ধরে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে বাজারভেদে ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লেয়ার মুরগির কেজি ২৩৫ থেকে ২৪০ টাকা।
অন্যদিকে, ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের দাম প্রতি ডজনে ১০ টাকা কমে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে মাছের বাজার আগের মতোই চড়া। গত সপ্তাহের মতো আকারভেদে রুই মাছ কেজি ২৫০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। তেলাপিয়া ২০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা ও পাপদা মাছ ৪০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন