প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মোটরসাইকেলে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন দন্ত চিকিৎসক মামুন হোসেন আশরাফুল (৩০)। কিন্তু বেড়ানোর পথে ফ্লাইওভারে পেছন থেকে আসা একটি গাড়ির চাপায় একই পরিবারের তিনজন প্রাণ হারান। মুহূর্তের মধ্যে একটি পরিবার শেষ হয়ে যায়।
বুধবার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকার নজরুল হোসেন মোফাজ্জলের ছেলে মামুন হোসেন আশরাফুল (৩০), তার স্ত্রী শিশু আক্তার এবং আট বছর বয়সী ছেলে আরাফাত হোসেন। মামুন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে একটি মার্কেটে শুভ ডেন্টাল কেয়ার ফার্মেসি পরিচালনা করার পাশাপাশি দন্ত চিকিৎসার কাজ করতেন।
পুলিশ, নিহতদের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে তিনজন একটি মোটরসাইকেলে করে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে টাঙ্গাইলের মির্জাপুরের উদ্দেশ্যে রওনা দেন। সফিপুর বাজারের ফ্লাইওভারে পৌঁছানোর পর পেছন দিক থেকে আসা একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। তবে কোন গাড়ির চাপায় তাদের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।
নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোরশেদ যুগান্তরকে জানান, শিশু সন্তানসহ ওই দম্পতি কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় পুরো পরিবারই শেষ হয়ে গেছে।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার সময়ের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে কোন গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে, তা শনাক্তের চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন