প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্বৃত্তদের দ্বারা আগুন লাগানোর ঘটনায় চেয়ার-টেবিল এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ এবং স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ভোরের কোনো এক সময় দুর্বৃত্তরা চেয়ারম্যানের অফিসকক্ষের পেছনের একটি ভাঙা জানালা দিয়ে ভেতরে দাহ্য পদার্থ ছুড়ে আগুন লাগায়। সকাল ৬টার দিকে পরিষদের পরিচ্ছন্নতাকর্মী আয়াত আলী কার্যালয়ের দরজা খুলে ভেতরে আগুন জ্বলতে দেখেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই চেয়ারম্যানের কক্ষের আসবাবপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য এবং স্থানীয় বিএনপি নেতারা।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইসমত আরা জানান, বুধবার রাতে পরিষদ পাহারার দায়িত্বে তিনজন গ্রাম পুলিশ ছিলেন। চেয়ারম্যানের কক্ষের পেছনের জানালাটি সামান্য ভাঙা ছিল, সেই ফাঁক দিয়েই দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন বাদল উপজেলা কৃষক লীগের সাবেক দপ্তর সম্পাদক এবং তার ছোট ভাই রফিকুল ইসলাম রাকিব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান। তারা দাবি করেন, রাতের আঁধারে আতঙ্ক সৃষ্টি করতেই এ ঘটনা ঘটানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ জানান, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির বিষয়টি সরেজমিনে দেখা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, ‘পরিকল্পিতভাবে সরকারি স্থাপনায় দাহ্য পদার্থ দিয়ে আগুন দেওয়া হয়েছে। এতে আসবাবপত্র এবং কিছু নথিপত্র পুড়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন