প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশে ভ্রমণ করতে এসে এক প্রতারকের ফাঁদে পড়ে ল্যাপটপ ও ক্যামেরা হারিয়েছেন জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার ওয়েবার। গত বুধবার (৭ অক্টোবর) নাটোর রেলস্টেশনে এই প্রতারণার শিকার হয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন ১৮ বছর বয়সী তরুণটি। নাটোর সদর থানায় তার কান্নার ভিডিও দেশের বিভিন্ন প্রান্তের মানুষের আবেগকে স্পর্শ করেছে। তাদের মধ্যে একজন মুক্তি মাহমুদ।
কিরিলের কান্নার ভিডিও দেখে মুক্তি মাহমুদ তার ছেলের কথা মনে করেন। এই আবেগ থেকেই কিরিলকে একটি ম্যাকবুক উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ১৮ বছর বয়সী কিরিলের হাতে ম্যাকবুকটি তুলে দেন মুক্তি মাহমুদ। তিনি চান, বাংলাদেশ থেকে ফেরার আগে তরুণ এই পর্যটক যেন কিছু ভালো স্মৃতি নিয়ে যেতে পারেন।
মুক্তি মাহমুদ বলেন, "কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে কিরিলের ল্যাপটপ ও ক্যামেরা চুরি যাওয়ার খবর দেখছিলাম। একপর্যায়ে থানায় বসে তার কান্নার ভিডিও চোখে পড়ে। সেটি দেখে আমি মর্মাহত হই।"
আঞ্জুমান ডিজাইনার্স লিমিটেডের সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত মুক্তি মাহমুদ বলেন, "বাংলাদেশে এসে ১৮ বছর বয়সী এক বিদেশি পর্যটকের জিনিসপত্র চুরি হয়ে যাওয়াটা আমাদের জন্য লজ্জার। বিষয়টি আমার খুব খারাপ লেগেছে। আমারও একটি ছেলে আছে। সে বিদেশে পড়াশোনা করে। ছেলের কথা মনে হওয়ায় ঘটনাটি আমাকে আরও নাড়া দেয়।"
তিনি জানান, ভিডিওটি দেখার পর থেকেই কিরিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। পরে শাওন নামে একজনের মাধ্যমে যোগাযোগ করে তার সঙ্গে দেখা করেন। মুক্তি মাহমুদ বলেন, "সবার পক্ষ থেকে একটি ম্যাকবুক উপহার দিয়েছি। বাংলাদেশ ছাড়ার আগে ছেলেটা একটু হলেও যেন ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারে।"
মুক্তি মাহমুদ বর্তমানে রাজধানীর জিগাতলা এলাকায় বসবাস করছেন। তিনি দীর্ঘ সময় লন্ডনে ছিলেন। কিরিলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে, এই চিন্তা থেকেই তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।
এদিকে, তিন দিন পার হলেও কিরিলের ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার হয়নি। তবে নতুন ম্যাকবুক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জার্মান তরুণ। তিনি বলেন, "জিনিসপত্র হারানোর পর থেকে অনেকেই আমাকে নানাভাবে সাহায্য করেছেন। সহানুভূতি প্রকাশ করেছেন। সত্যিই এটি প্রশংসা করার মতো। আজ একটি ম্যাকবুক পেলাম। ধন্যবাদ জানাচ্ছি। এটা ব্যবহার করে আবার কাজ করতে পারব। এ ঘটনা আমার জীবনের অভিজ্ঞতার অংশ হয়ে থাকবে।"
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, কিরিল পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করে নিজের ল্যাপটপটি কিনেছিলেন। সেটি চুরি হয়ে যাওয়া দুঃখজনক। আমাদের জন্য লজ্জাজনক। পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছে। একজন নিজের উদ্যোগে তাকে ম্যাকবুক উপহার দিয়েছেন। এতে কিছুটা হলেও দেশের সম্মান ফিরবে।
অন্যদিকে, কিরিলের চুরি যাওয়া সম্পদ উদ্ধারের অগ্রগতির বিষয়ে নাটোর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনুসন্ধান চালাচ্ছেন। সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে তদন্ত পরিচালনা করা হচ্ছে। কারা জড়িত এবং সেগুলো কোথায় রয়েছে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে সম্ভাব্য সূত্র ধরে অনুসন্ধান চালানোর চেষ্টা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রসঙ্গত, বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন করতে এসে জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার ওয়েবার বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে সান্তাহারে আসেন। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে করে নাটোর রেলস্টেশনে এসে নামেন।
এরপর নাটোর থেকে তিনি অন্য একটি ট্রেনে করে বাংলাদেশের দর্শনা বর্ডার হয়ে ভারতে যাবেন। এজন্য তিনি নাটোর রেলস্টেশনে প্লাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। ওই সময় সুযোগ বুঝে এক প্রতারক তার ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার রাতে নাটোর সদর থানায় তিনি অভিযোগ করেছেন।
রেলওয়ে পুলিশের সান্তাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দিন বলেন, নাটোর ও সান্তাহার প্লাটফর্মের সিসিটিভি ফুটেজে ভেস্ট পরিহিত লোকটিকে এখনো শনাক্ত করা যায়নি। তিনি রেলওয়ের কেউ নন। প্রাথমিক ধারণা- তিনি কোনো প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মী হতে পারেন।
ওসি আরও বলেন, প্রথম দিন ল্যাপটপটির অবস্থান জানতে পারলেও এখন আর তা জানা যাচ্ছে না। হারিয়ে যাওয়া ব্যাগটি উদ্ধারে তদন্ত অব্যাহত আছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন