প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, ‘যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, তারা ভবিষ্যতে রাজনীতির মঞ্চ থেকে মাইনাস হয়ে যাবে।’
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, নির্বাচনের সময়সূচি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। তবে তিনি এটিকে তাদের কৌশল ছাড়া আর কিছু মনে করেন। ফেব্রুয়ারির শুরুতে রমজানের এক সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
বিএনপির এই নেতা আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রেখে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশা আমাদের। এবারের নির্বাচন রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনাও হয়ে উঠতে পারে।”
সংবিধান সংস্কার এবং জুলাই সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, বিএনপি মনে করে ঘোষিত অঙ্গীকারনামার কিছু বিষয় অযৌক্তিক। বিকল্প প্রস্তাব ঐকমত্য কমিশনের আলোচনায় উপস্থাপন করা হবে। তিনি মন্তব্য করেন, সংবিধানের ওপরে কোনো প্রস্তাব গ্রহণযোগ্য নয়।
অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে বিএনপি জটিলতা চান না উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, “সবার ঐকমত্যে এই সরকার গঠিত হয়েছে। তত্ত্বাবধায়ক পদ্ধতি পুনর্বহাল হলে পরবর্তী নির্বাচনে সেটি কার্যকর হতে পারে। সরকারের ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, অন্য কিছু ভাবার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে যারা অজুহাত দেখিয়ে বয়কট করবে, তারা নিজেদের ভবিষ্যৎ রাজনীতি থেকে মুছে ফেলবে।
সম্ভাব্য জোট প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, তাদের সঙ্গে জোট হতে পারে। ভবিষ্যতের সরকারেও তারা অংশ নিতে পারেন। এ ছাড়া কয়েকটি ইসলামী রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে, যদিও সেটি এখনো চূড়ান্ত নয়। বিগত আন্দোলনে যারা যুক্ত ছিলেন, তাদের সঙ্গেও আলোচনার মাধ্যমে সমঝোতার সম্ভাবনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন