প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নির্বাচন কমিশন (ইসি) দেশের ৪ হাজার ৩০৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই নির্বাচন আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের মাধ্যমে শুরু হবে। তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে ভোটের ৩৮ থেকে ৪৫ দিন আগে। সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন নিশ্চিত করতে কমিশন নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপও করবে। এই প্রক্রিয়া ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি উল্লেখ করেন, পাঁচ ধাপে ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩০৭টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপের ভোটগ্রহণ হবে বৃহস্পতিবার।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১২৯টি উপজেলার ১ হাজার ১৩০টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১১৮টি উপজেলার ১ হাজার ২টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চতুর্থ ধাপে ১৩ মে ৯৩টি উপজেলার ৭৯৩টি ইউনিয়নে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট হবে। মোট পাঁচ ধাপে ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩০৭টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে কমিশন।
কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে ভোট হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তফসিল ঘোষণা করেন। তবে এবার ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন আটকে আছে, সেগুলোর বিষয়ে কমিশনের পরিকল্পনাও জানিয়েছেন এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, পরবর্তীতে জটিলতা কেটে গেলে ওই ইউনিয়নগুলোতে পঞ্চম ধাপের সঙ্গে সমন্বয় করে ভোট নেওয়া হবে।
নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক কর্মসূচির প্রভাব পড়তে পারে কি না, এমন প্রশ্নের উত্তরে সানাউল্লাহ বলেন, কমিশন মনে করে না এতে নির্বাচনের পরিবেশে বিরূপ প্রভাব পড়বে। বরং স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছে কমিশন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনের সংলাপ
ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জাতীয় নির্বাচনের আদলে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব দলের সঙ্গে আলোচনা শেষ করার পরিকল্পনা রয়েছে।
আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, নভেম্বরের শেষ ভাগে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হতে পারে। নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে।
সংলাপে স্থানীয় সরকার নির্বাচন কীভাবে আরও সুষ্ঠুভাবে আয়োজন করা যায়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও সহযোগিতা চাইবে কমিশন।
সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিব আখতার আহমেদসহ নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। ইউনিয়ন পরিষদগুলোর তালিকা পর্যালোচনা শেষে কমিশন সভায় তা চূড়ান্ত করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন