প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজার, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, পাহাড়, দ্বীপ এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। এবার এখানে যুক্ত হলো নতুন আকর্ষণ—আধুনিক রিভার ক্রুজ। বিলাসবহুল এই প্রমোদতরী সমুদ্র, দ্বীপ ও উপকূলীয় সৌন্দর্যকে ভিন্নভাবে উপভোগের সুযোগ প্রদান করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে কক্সবাজারের পর্যটনশিল্পে নতুন মাত্রা যুক্ত হবে এবং পর্যটকদের জন্য ভ্রমণের বিকল্প সুযোগ সৃষ্টি হবে।
গতকাল কক্সবাজার সদর–রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল উদ্বোধন করেন রিভার ক্রুজটির। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "বাংলাদেশের সমুদ্রসীমা, নদ-নদী ও নৌপর্যটনের সম্ভাবনা অত্যন্ত সমৃদ্ধ।" তিনি আরও উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক ও আন্তর্জাতিক মানের ক্রুজ পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হিসেবে পরিচিত। বাংলাদেশে পর্যটনশিল্পের এই সম্ভাবনাকে কাজে লাগানোর যথেষ্ট সুযোগ রয়েছে।
লুৎফুর রহমান কাজল বলেন, "পর্যটকদের জন্য নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত ভ্রমণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি জাহাজের কারিগরি সক্ষমতা, নিরাপত্তাব্যবস্থা এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন ও নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন। পর্যটকরা যেন নিশ্চিন্তে ও নিরাপদে ভ্রমণ করতে পারেন, সেটিই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।
তিনি আরও বলেন, কক্সবাজারে এ ধরনের আধুনিক রিভার ক্রুজ চালু হওয়া স্থানীয় পর্যটনশিল্পের জন্য নতুন ও গুরুত্বপূর্ণ সংযোজন। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকরা কক্সবাজারের সমুদ্র, দ্বীপ ও উপকূলীয় সৌন্দর্য নতুনভাবে উপভোগ করতে পারবেন। এটি পর্যটনকে আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্যোগের পেছনের গল্প
রিভার ক্রুজটির অপারেশন ম্যানেজার কামাল শরীফ জানান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত উদ্যোগ ও ভ্রমণের প্রতি বিশেষ আগ্রহ থেকেই এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, "দেশের বিভিন্ন স্থানে ভ্রমণের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছি, বাংলাদেশে পর্যটকদের জন্য আন্তর্জাতিক মানের আধুনিক ও আকর্ষণীয় প্রমোদতরীর সুযোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।" সেই চিন্তা থেকেই জাহাজটি তৈরি ও পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
কামাল শরীফ বলেন, কক্সবাজারে এই ক্রুজ চালু করা দীর্ঘদিনের স্বপ্ন ও পরিকল্পনার বাস্তবায়ন। এর মাধ্যমে পর্যটকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি দেশের পর্যটনশিল্পে নতুন মাত্রা যোগ করাই তাঁদের মূল লক্ষ্য।
কক্সবাজারে স্থানীয় মানুষের সাড়া প্রসঙ্গে তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছেন তাঁরা। অনেকেই জাহাজটি ঘুরে দেখেছেন এবং উদ্যোগটির প্রশংসা করেছেন।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার' (টুয়াক / TOAC)-এর সভাপতি ও রিভার ক্রুজের পরিচালক আনোয়ার কামাল বলেন, "কক্সবাজার থেকে চলাচলকারী অধিকাংশ পর্যটকবাহী জাহাজের গন্তব্য সেন্টমার্টিন।" তবে মহেশখালী ও সোনাদিয়ার মতো আকর্ষণীয় পর্যটন এলাকায় ভ্রমণের জন্য আধুনিক ও সৌখিন জাহাজের অভিজ্ঞতা তুলনামূলকভাবে সীমিত। তাঁদের এই উদ্যোগ সেই অভাব পূরণে ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন। এ জন্য স্থানীয় জনগণ, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, ট্যুর অপারেটর এবং দেশি-বিদেশি পর্যটকদের সহযোগিতা কামনা করেন তিনি।
দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে পর্যটনশিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পক্ষ থেকে কক্সবাজারে এমন একটি রিভার ক্রুজ চালুর প্রয়োজনীয়তা অনুভব করা হচ্ছিল। অবশেষে সেই প্রত্যাশা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকরা সমুদ্র ও উপকূলীয় সৌন্দর্যকে ভিন্নভাবে উপভোগ করার সুযোগ পাবেন।
ছয় ঘণ্টার বিশেষ ভ্রমণ প্যাকেজ
ক্রুজ পরিচালনা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছয় ঘণ্টার বিশেষ ভ্রমণ প্যাকেজ পরিচালনার পরিকল্পনা রয়েছে। যাত্রা শুরু হবে বিআইডব্লিউটিএ ঘাট থেকে। নির্ধারিত ভ্রমণপথে থাকবে কক্সবাজারের সমুদ্র উপকূল, মহেশখালীর ঐতিহাসিক আদিনাথ মন্দির, সোনাদিয়া দ্বীপ এবং বঙ্গোপসাগরের বিস্তৃত জলরাশি। সমুদ্রের বুক থেকে কক্সবাজার শহর ও উপকূলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ শেষে একই ঘাটে ফিরে আসবেন পর্যটকরা।
এক প্যাকেজে ৭০ থেকে ৮০টির বেশি খাবার
এই ভ্রমণ প্যাকেজের অন্যতম আকর্ষণ বুফে খাবারের আয়োজন। কর্তৃপক্ষের দাবি, প্যাকেজের মূল্যের মধ্যেই ৭০ থেকে ৮০টির বেশি আইটেমের খাবার থাকছে। পর্যটকরা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের খাবার উপভোগ করতে পারবেন। দুপুরের খাবারের জন্যও নির্ধারিত সময় রাখা হবে। টিকিট মূল্য ১ হাজার ৯৯৯ টাকা। কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ডিনার ব্যবস্থায় জাহাজটির যাত্রী ধারণক্ষমতা ৪৬০ জন। ছয় ঘণ্টার বিশেষ ভ্রমণ প্যাকেজের টিকিট মূল্য জনপ্রতি ১ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পর্যটনশিল্পের সঙ্গে সম্পৃক্ত ট্যুর অপারেটর ও পরিচিত পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য জনপ্রতি ২০০ টাকা ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
রাতেও আয়োজনের সুযোগ
দিনের ভ্রমণের পাশাপাশি রাতেও ব্যক্তিগত, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে। জন্মদিন, গায়েহলুদ, ইফতার পার্টি, পারিবারিক মিলনমেলা কিংবা করপোরেট অনুষ্ঠানের জন্য জাহাজটি ব্যবহারের সুযোগ থাকবে। আধুনিক সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন বিনোদন ও আয়োজনের সুবিধা থাকায় এটি প্রমোদতরী, ইয়ট ও ভাসমান রেস্টুরেন্টের সমন্বিত অভিজ্ঞতা দিতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পর্যটনে নতুন সম্ভাবনা
সংশ্লিষ্টদের মতে, কক্সবাজারের পর্যটনকে শুধু সমুদ্রসৈকতকেন্দ্রিক না রেখে দ্বীপ, উপকূল, ঐতিহ্য ও নৌভ্রমণের সঙ্গে যুক্ত করা গেলে পর্যটকদের অবস্থানের সময় ও ব্যয়—দুটিই বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। আধুনিক রিভার ক্রুজ সেই সম্ভাবনাকে সামনে নিয়ে এসেছে। তবে এ উদ্যোগের দীর্ঘমেয়াদি সাফল্য নির্ভর করবে পর্যটকদের নিরাপত্তা, সেবার মান, নিয়মিত পরিচালনা, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণের ওপর। এসব বিষয় নিশ্চিত করা গেলে নতুন এই ক্রুজ কক্সবাজারের পর্যটনশিল্পে আকর্ষণীয় সংযোজন হয়ে উঠতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন