প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়েছে, যার ফলস্বরূপ ৪ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১২০ পিস চায়না দুয়ারি জব্দ করা হয় এবং পুড়িয়ে ধ্বংস করা হয়। এই জব্দকৃত সামগ্রীর আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার টাকা।
পাটুরিয়া নৌ-থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে পাটুরিয়া নৌ-থানা এবং শিবালয় উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় মানিকগঞ্জ জেলার পাটুরিয়া নৌ-থানার আওতাধীন অন্বয়পুর, আরিচা, তেওতা এবং আলোকদিয়ার অংশের যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৩ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১২০ পিস চায়না দুয়ারি এবং ৭ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগীর উপস্থিতিতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এছাড়াও, বৃহস্পতিবার অপর একটি অভিযানে মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে শিবালয় উপজেলার যমুনা নদীর তেওতা, জাফরগঞ্জ, চরশিবালয় ও আলোকদিয়ার চর অঞ্চলে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ টাকা এবং ২০ কেজি ইলিশ মাছও জব্দ করা হয়। পরবর্তীতে, জব্দকৃত সকল অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি নদীর তীরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রাপ্ত ২০ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় ও নদী তীরবর্তী দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
এই অভিযানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী নিয়োগী। বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ-থানা পুলিশের সদস্যবৃন্দও সহায়তা প্রদান করেন। মৎস্য দপ্তরের অন্যান্য সদস্যবৃন্দও অভিযানে উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির বলেন, "মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন।" তিনি আরও জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন