প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু মামলার তদন্তে অভিনেত্রী ডলি জহুরসহ চলচ্চিত্র অঙ্গনের আরও কিছু সদস্যকে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছেন তার মা নীলা চৌধুরী। তিনি উল্লেখ করেছেন, তদন্তে প্রয়োজন হলে ডলি জহুরসহ কিছু জনকে আসামি করার কথাও ভাবা যেতে পারে।
ছেলের হত্যার বিচার চেয়ে নীলা চৌধুরী বলেন, সালমান শাহের মৃত্যুর দিনের ঘটনাটি সম্পর্কে অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য জানেন। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা খুবই প্রয়োজন।
ডলি জহুরের প্রসঙ্গে তিনি বলেন, যেদিন সালমান শাহকে হত্যা করা হয়েছে, সে দিনের ঘটনাটি সম্পর্কে ডলি জহুর অনেক কিছু জানেন। বিভিন্ন সময় গণমাধ্যমেও তিনি ওই দিনের ঘটনাটি নিয়ে কথা বলেছেন। তাই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে। এসময় তিনি সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হকের সঙ্গে ডলি জহুরের যোগাযোগের বিষয়টিও তদন্তে দেখা উচিত বলে মনে করেন।
ডলি জহুর ছাড়াও বাদল খন্দকারসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে সালমান শাহের মা বলেন, তাদের কাছ থেকেও মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
তদন্ত থেকে তাদের কাউকে আসামি করা হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে নীলা চৌধুরী বলেন, তদন্তে প্রয়োজন মনে হলে তিনি সে ব্যাপারে পদক্ষেপ নিতে পারেন। তার দাবি, ডলি জহুর ও বাদল খন্দকারসহ কিছু ব্যক্তি সালমান শাহের মৃত্যুর ঘটনা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানেন এবং সত্য উদঘাটনের জন্য তাদের বক্তব্য নেওয়া জরুরি।
এদিকে, সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পরে হত্যার মামলা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। মামলার অন্যতম আসামি অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হক সম্প্রতি গ্রেপ্তার হওয়ার পর তদন্তের পরিধি বাড়ানোর দাবি জানিয়েছেন নীলা চৌধুরী।
গত ১০ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডন হককে আটক করা হয়। তাকে আটক করতে অভিনেতা ডিপজলের সহায়তা থাকায় তা নিয়েও আলোচনা হচ্ছে।
ডিপজলের সঙ্গে সরাসরি কথা না বললেও, তাকে মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। তার মতে, সালমান শাহের মৃত্যুর সময় চলচ্চিত্র অঙ্গনে সক্রিয় অনেকের কাছেই সে সময়ের বিভিন্ন ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, যা তদন্তে সহায়ক হতে পারে। একই সাথে, ডন হককে ধরিয়ে দিতে সহায়তা করার জন্য ডিপজলকে ধন্যবাদও দিয়েছেন তিনি।
চলতি বছরের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ডন হকের ভোট দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী। এ ঘটনার কারণে চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি শিবা শানুর দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। একজন হত্যা মামলার আসামি কীভাবে এফডিসিতে এসে ভোট দিয়েছেন এবং তাকে কেউ সহায়তা করেছেন কিনা, এসব বিষয়েও তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পরে গত বছর আদালতে হত্যার মামলা দায়ের করা হয়। মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা ও দায় নির্ধারণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন