প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পঞ্চম দিনের মতো রাঙামাটিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই অবস্থায় ৩০টি গ্রামের হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি পরিবারগুলোর মধ্যে অনেকেই বর্তমানে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
বাঘাইছড়ি পৌর এলাকার মধ্যমপাড়া, মাস্টারপাড়া, মুসলিম ব্লক, হাজীপাড়া, এফ ব্লক ও পূর্ব লাইল্যাঘোনা এলাকা সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি সাজেক, মারিশ্যা, বঙ্গলতলী, রূপকারী, খেদারমারা, বাঘাইছড়ি, সারোয়াতলী ও আমতলী ইউনিয়নের নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিপাতের ফলে পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। বন্যাকবলিত মানুষের জন্য জেলায় ২০৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে জেলার ৪৪টি আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন মানুষ আশ্রয় নিয়েছেন। তার মধ্যে বাঘাইছড়ি উপজেলাতেই প্রায় আড়াই হাজার পানিবন্দি মানুষ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের তিন বেলা খাবার সরবরাহ করা হচ্ছে।
এদিকে, জেলার ৯৭টি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটার খবর পাওয়া গেছে। বুধবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ধসের মাটি সড়কে পড়ে যাওয়ার কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
অন্যদিকে, সাজেকে ঘুরতে আসা পাঁচ শতাধিক পর্যটক দ্বিতীয় দিনের মতো আটকা পড়ে আছেন। দীঘিনালা-সাজেক সড়কের পাঁচটি স্থানে পানি উঠে যাওয়ার কারণে তারা সাজেক ত্যাগ করতে পারছেন না।
এছাড়া, দ্বিতীয় দিনের মতো জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।
কাপ্তাইয়ে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের জন্য বিজিবি জোনের পক্ষ থেকে খাবার বিতরণ করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।
এদিকে, পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল বুধবার (৮ জুলাই) রাতে বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তিনি সকলকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন