প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ৩ দফা দাবি নিয়ে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি হলো ১০ম গ্রেডে বেতন, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।
শিক্ষকদের ৪টি সংগঠনের সমন্বয়ে গঠিত সংগঠন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ শনিবার সন্ধ্যায় এই কর্মসূচির ঘোষণা দেয়।
বিকালে শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের পথযাত্রা শুরু হলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শিক্ষক আহত হন।
এছাড়া, আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান থেকে গরম পানি ছোড়ে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ গণমাধ্যমকে জানান, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। হামলায় অর্ধশতাধিক শিক্ষক রক্তাক্ত হয়েছেন। দু’জনকে পুলিশ ধরে নিয়ে গেছে।”
সকাল থেকেই কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষকরা। পরে বিকেলে তারা মিছিল নিয়ে শাহবাগে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের মিছিল আটকে দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ শিক্ষকদের ওপর চড়াও হয়।
শিক্ষকদের অভিযোগ, বিনা উসকানিতে পুলিশ তাদের ওপর হামলা চালায়। তবে পুলিশের দাবি, শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে এগিয়ে যেতে চাইলে তাদের বাধা দেয়া হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “মিছিল নিয়ে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে শাহবাগে ব্যারিকেড দেয় পুলিশ। ওই সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।”
সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি হলো-
১) ১০ম গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন দেয়া।
২) শতভাগ বিভাগীয় পদোন্নতি।
৩) চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন