প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাবনার ফরিদপুরে শিল্পী খাতুন (৩৮) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জহুরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক অবস্থায় রয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার দিবাগত ভোর রাতে উপজেলার বৃ-লাহিড়ীবাড়ী ইউনিয়নের এরশাদনগর হাড়িয়াবাড়ি উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত জহুরুল ইসলাম (৪০) ওই গ্রামের কালু প্রামাণিকের ছেলে।
জানা গেছে, ২১ বছর আগে একই গ্রামের বাহাদুর আলীর মেয়ে শিল্পী খাতুনের সঙ্গে জহুরুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। ১৩ বছর আগে জহুরুল ইসলাম তার প্রথম স্ত্রী শিল্পী খাতুনকে না জানিয়ে ঢাকার সাভারে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এরপর জহুরুল শিল্পীকে রেখে ঢাকা চলে যান। সাত বছর পর আবার শিল্পী খাতুনের কাছে আসেন তিনি। দ্বিতীয় স্ত্রীর ঘরে তার দুই কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।
গত ১২ নভেম্বর জহুরুল আবার শিল্পী খাতুনের কাছে আসেন। ঘটনার রাতে জহুরুল স্ত্রী শিল্পী ও ছোট মেয়ে মিথিলাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে নেশার টাকার জন্য শিল্পীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। শিল্পী টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তাকে অমানুষিক অত্যাচার করেন। এ সময় শিশু কন্যা মিথিলাকেও মেরে ফেলার হুমকি দেন তিনি। একপর্যায়ে শিল্পীর গলা টিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান তিনি। খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে শিল্পীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের ছোট ভাই শিপন আলী জানান, নেশার টাকা না পেয়ে জহুরুল তার বোনকে রাতভর নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেন। তার দাবি, বোনকে নির্যাতন করে নদীতে ফেলে দিয়েছিলেন জহুরুল। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, ‘নিহতের গলা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত জহুরুল পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের লোকজনের পক্ষে মামলার প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন