প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুরের নগরকান্দায় ছয় বছর বয়সী এক মাদরাসাছাত্রী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. মিরাজ শেখ (৩৮) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। পাশাপাশি, তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ডেরও নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। এরপর তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মিরাজ শেখ নগরকান্দা উপজেলার একটি গ্রামের বাসিন্দা এবং শিশুটির প্রতিবেশী।
জানা গেছে, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে শিশুটি মিরাজের বাড়িতে তার এক সহপাঠীর সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় মিরাজ শিশুটিকে জাম্বুরা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে মিরাজ তাকে ছেড়ে দেন। পরে বাড়ি ফিরে শিশুটি তার মায়ের কাছে ঘটনার কথা জানায়।
এ ঘটনায় শিশুটির বাবা ওইদিনই বাদী হয়ে মিরাজকে একমাত্র আসামি করে নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করেন নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান। তিনি ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি মিরাজকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, "একজন শিশুর সাথে যে ঘটনা ঘটেছে এটা অমার্জনীয়। এই অপরাধের জন্য সংশ্লিষ্ট ধারার সর্বোচ্চ রায়টা আদালত দিয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন