প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রীদের নিয়ে বিশাল একটি র্যালীর নেতৃত্ব দেন নগর প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, যিনি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীও। দুপুর ৩টায় জাতীয় সংসদের স্পীকার এবং বরিশাল জেলা স্কুল ও বিএম কলেজের প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ-বীরবিক্রম দুই দিনের এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বরিশালের নগর প্রশাসক এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতিবীদ বেগম সেলিমা রহমান-এমপি এবং সদর আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সারোয়ার।
শতবর্ষ পূর্তি উপলক্ষে বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়টি নতুন সাজে সজ্জিত হয়েছে। গত মাস খানেক ধরে এখানে নানামুখী প্রস্তুতি চলছিল। নগর প্রশাসক এবং শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্রী পুরো অনুষ্ঠানের তদারকি করছেন। দীর্ঘদিন পর প্রাক্তন ছাত্রীরা শুক্রবার সকালে তাদের পুরনো ক্যাম্পাসকে নতুন করে দেখতে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসের আনুষ্ঠানিকতা শেষে এক বর্ণাঢ্য র্যালী নগরীর বগুড়া রোড-সদর রোড থেকে ফজলুল হক এভিনিউ হয়ে নগর ভবনের সামনে থেকে আবার ক্যাম্পাসে ফিরে এসেছে।
ঐতিহ্যবাহী বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এই শতবর্ষ পূর্তি উৎসবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৩ হাজার প্রাক্তন ছাত্রী অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের আহবায়ক বিলকিস আক্তার জাহান শিরিন। দুদিনের অনুষ্ঠানমালার প্রথম দিনে প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীতেরও আয়োজন করা হয়েছে।
দ্বিতীয় দিনে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য মিউজিক্যাল পিলো পাসিং, স্মৃতিচারণ বক্তৃতা, হাঁড়িভাঙ্গা খেলা এবং চকলেট দৌড়সহ স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে আহবায়ক বিলকিস আক্তার শিরিন জানিয়েছেন।
এর আগে উৎসবের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দকে বরন ও ফুলেল শুভেচ্ছা জানানো হবে এবং স্বাগত বক্তব্য রাখবেন নগর প্রশাসক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের বক্তব্যের পরে স্মারক মোড়ক উন্মোচনসহ প্রধান অতিথির বক্তব্য থাকবে। বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে শতবর্ষ পূর্তির সূচনা করা হবে বলে জানা গেছে।
বৃটিশ ভারতের অন্ধকার যুগে যখন নারী শিক্ষা ছিল কল্পনারও অতীত, তখন ১৮৭৩ সালে কাঁচাবালিয়ার জমিদার পরিবারসহ বেশ কয়েকজন বিদ্যানুরাগীর প্রচেষ্টায় তৎকালীন বাকেরগঞ্জ জেলার বরিশাল শহরে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বর্তমান সরকারী বালিকা বিদ্যালয়ের জমিতেই স্বল্প পরিসরে প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করা হয়েছিল। সে সময়ে বালিকা সহ নারী শিক্ষার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ছিল না। ফলে সম্ভ্রান্ত ও ধনী পরিবারসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিবার থেকে আগত কিছু সংখ্যক বালিকা নিয়ে প্রাথমিক বিদ্যালয়টি যাত্রা শুরু করে। ফলে শিক্ষার্থীর সংখ্যা ছিল খুবই কম। কাঁচাবালিয়ার জমিদার পরিবারের শরৎ চন্দ্র গুহ, বরিশাল বিএম কলেজের প্রতিষ্ঠাতা অশ্বিনী কুমার দত্তের ভ্রাতুস্পুত্র সরলকুমার দত্ত, খান বাহাদুর হেমায়েত উদ্দিন, এ্যাডভোকেট মৌলভী মফিজউদ্দিন এবং অবণীনাথ ঘোষসহ মোফাজ্জেল হকের প্রচেষ্টায় প্রাথমিক বিদ্যালয়টির যাত্রা শুরু হয়।
শরত চন্দ্র গুহ এই বিদ্যালয়ের জন্য রেজিষ্ট্রি মূলে জমি দানপত্র করেন। সেখানে মোফাজ্জেল হক ও আবদুর রব সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। এরপরে সেখানেই ‘বরিশাল সদর বালিকা বিদ্যালয়’ প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষিণাঞ্চলের প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। ১৯২৩ সালে বরিশাল সদর বালিকা উচ্চ বিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ লাভ করে। কিন্তু সে সময়ে এ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের মত তেমন কোন নারী শিক্ষক পাওয়া যাচ্ছিল না। ফলে খ্রিস্টান মিশনারীদের মধ্যে থেকে মিস ডারোথি’কে বরিশাল সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি ১৯২৩ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত টানা এক যুগ এ শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানটিকে একটি মর্যাদা সম্পন্ন অবস্থানে দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। ১৯৪৫ সালে কবি জীবনানন্দ দাশের পিসি কুমারী স্নেহলতা দাশগুপ্ত এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেছেন। দেশ ভাগের পরে ১৯৪৮ সালে পশ্চিম বাংলায় চলে যাওয়া পর্যন্ত তিনি এখানে প্রধান শিক্ষক ছিলেন। ১৯৬১ সালের ১২ এপ্রিল বরিশাল সদর গার্লস স্কুলটিকে সরকার জাতীয়করণ করে বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় নামে নামকরণ করে।
সেই সময় থেকে দক্ষিণাঞ্চলে নারী শিক্ষার অগ্রদূত এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান ও অবকাঠামোগত বেশ কিছু উন্নয়ন হয়েছে। বর্তমানে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ৬ তলা একটি একাডেমিক ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। আগামী জুনের মধ্যে এ ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হলে দক্ষিণাঞ্চলের বৃহত্তম এ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষাদান ক্ষেত্রে অবকাঠামোগত কোন সমস্যা থাকবে না বলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে।
১৯৬৮ সালের ৩ ফেব্রুয়ারী বরিশাল সরকারী বালিকা বিদ্যালয়ে মিসেস খোদেজা বেগম প্রথম মুসলিম প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব লাভ করেন। ১৯৬৯ সালের ১ জানুয়ারী থেকে তিনি পূর্ণাঙ্গ প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করে ১৯৮১ সাল পর্যন্ত এ শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন।
এমনকি এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা হিসেবে শান্তিসুধা গুহ ১৯৪৮ থেকে ৬৮ সাল পর্যন্ত টানা ২০ বছর দায়িত্ব পালনকালে তৎকালীন পাকিস্তান সরকারের ‘তমযা ই পাকিস্তান’ খেতাবে ভূষিত হয়েছিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্ণর আজম খান বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে প্রধান শিক্ষক শান্তিসুধা গুহকে ‘পাকিস্তানের রত্ন’ বলে ঘোষণা করে তাকে ‘অবসরে যাবার প্রয়োজন নেই’ বলেও জানিয়েছিলেন।
বিগত শতাব্দীতে এ শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষাধিক ছাত্রী পড়াশোনা করে দেশ বিদেশে অনেক গুরুত্বপূর্ণ স্থানে আসীন হয়েছেন। দেশ সেবায় তারা অনেক অবদান রেখেছেন। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ৩য় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় আড়াই হাজার ছাত্রী পড়াশোনা করছে। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মেয়েদের শিক্ষায় বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গৌরবজনক অবস্থানে রয়েছে। এর আগে ২০১০ সালে এ শিক্ষা প্রতিষ্ঠানে একবার মিলন মেলায় কয়েক হাজার প্রাক্তন ছাত্রী মিলিত হয়েছিলেন।
প্রতিষ্ঠার ১০৩ বছর পর ‘শতবর্ষ উদযাপন’এর এই মিলন মেলায় দেশ বিদেশ থেকে তিন সহশ্রাধিক প্রাক্তন ছাত্রী মিলিত হয়েছেন প্রাণের উচ্ছ্বাস নিয়ে। দীর্ঘদিন পরে সহপাঠীদের সাথে মিলিত হওয়ার আশায় তাদের প্রায় সবাই দীর্ঘদিন অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনেছেন। কিছুক্ষণ আগে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। সবাই ফিরেছেন ফেলে আসা দিনের স্মৃতিতে। যা কখনো পুরনো হয় না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন