প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙামাটির লংগদু উপজেলায় একটি মাহেন্দ্র ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রিফাত, নামের দুই বছরের একটি শিশু নিহত হয়েছে। এই দুর্ঘটনার ফলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে আরও ৫ জন আহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ইসলামাবাদ এলাকায় নাজিমটিলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত রিফাত অটোরিকশার যাত্রী ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বাইট্টাপাড়া থেকে যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র দীঘিনালার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গাড়িটি ইসলামাবাদ নাজিমটিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়দের মতে, অটোরিকশাটি অতিরিক্ত গতিতে এসে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মাহেন্দ্রর ওপর উঠে যায়। যার ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা শিশুসহ ছয় যাত্রী গুরুতর আহত হন। যদিও মাহেন্দ্রর যাত্রীরা অক্ষত এবং নিরাপদ ছিলেন।
দুর্ঘটনার পরেই আশপাশের বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় রাবেতা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক সকলে রাঙ্গামাটি সদর হাসপাতালে রিফার করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাথায় মারাত্মক আঘাত পাওয়া দুই বছরের শিশু রিফাত মৃত্যুবরণ করে। অন্যদিকে বাকি পাঁচজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে অটোরিকশা মালিক সমিতির সভাপতি দুলাল জানিয়েছেন, অটোচালক বরকত তাদের সমিতির সদস্য নন। তিনি নতুন গাড়ি নিয়েছেন এবং কিছুদিন আগে তিনি এ বিষয়ে তাদের অবগত করেন। শুনেছেন, গাড়ি নেওয়ার প্রথম দিনেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পড়ে গিয়েছিলেন। তবে সমিতির পক্ষ থেকে তারা এই দুর্ঘটনার বিষয়টি খোঁজখবর নিচ্ছেন।
অন্যদিকে মাহেন্দ্র মালিক সমিতির প্রতিনিধি জামাল হোসেন জানান, সকাল ৬টায় তাদের চালক নুর আলম যাত্রী নিয়ে দীঘিনালার উদ্দেশ্যে রওনা হয়েছিল। নাজিমটিলা এলাকায় দুর্ঘটনার খবর শুনে তারা দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে প্রাথমিকভাবে দেখা যায় এবং গাড়ির যাত্রীরা নিশ্চিত করেন যে, অটোরিকশাটি উল্টো পাশে চলে আসার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করার চেষ্টা চলছে। তবে নিহত বা আহতদের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন