প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মঠবাড়িয়া উপজেলার সাপলেজা বাজারে গরুর ব্যবসার বিরোধের কারণে মো. আওয়াল মিয়াকে (৫০) হাতুড়ি ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনি আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন। তার স্ত্রী মোর্শেদা রওশন লাভলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে শামীম পহলান (৩৪), শাহীন পহলান (৪৩), ইয়াকুব হাওলাদার (২৬) ও মনির পহলান (৩২) কে আসামি করা হয়েছে।
মোর্শেদা রওশন লাভলী অভিযোগ করেন যে, তার স্বামী সাপলেজা বাজারে গরুর ব্যবসা করেন এবং অভিযুক্তদের মধ্যে কয়েকজনও একই বাজারে গরুর ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মধ্যে পূর্ব থেকেই ব্যবসা নিয়ে বিরোধ চলছিল, যার ফলে তার স্বামীকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল।
২৮ সেপ্টেম্বর দুপুরে সাপলেজা মাছ ও গরুর বাজারের ট্রালশেডের কাছে আওয়াল মিয়ার সঙ্গে অভিযুক্তদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এই সময় হাতুড়ি ও লাঠি দিয়ে তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়, ফলে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, আওয়ালের পকেটে থাকা ১৫ হাজার ৫০০ টাকা নিয়ে যাওয়া হয়েছে।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শামীম পহলান। তিনি জানান, আওয়ালের সঙ্গে পূর্ব থেকেই একটি বিষয় নিয়ে বিরোধ ছিল। ওই দিন বাজারের টোলঘরে দুজনের মধ্যে উত্তেজিত হয়ে কথা-কাটাকাটি হয়, পরে স্থানীয় লোকজন এসে তাদের শান্ত করে দেন। তিনি দাবি করেন যে, কোনো মারধর বা হামলার ঘটনা ঘটেনি।
এ বিষয়ে সাপলেজা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, মাংস ব্যবসায়ীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এর আগে টাকা-পয়সাসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। মারামারির পর আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য মঠবাড়িয়া হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং সঠিক বিচার হওয়া উচিত।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সাপলেজায় কথা-কাটাকাটির জেরে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন