প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঘটনার সূত্রপাত ঘটে, যখন মাদকের টাকা চেয়ে মাকে মারধর শুরু করেন ছেলে। এ দৃশ্য দেখে বড় ভাই বাধা দিতে এগিয়ে আসেন। এরপর দুই ভাইয়ের মধ্যে শুরু হয় তর্ক-বিতর্ক ও ধস্তাধস্তি। এক পর্যায়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই হৃদয় মিয়াকে পুলিশ আটক করেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেবকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত গেন্দু মিয়া (৩০) ওই গ্রামের কালাচান মিয়ার ছেলে এবং পেশায় ট্রাক্টরচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গেন্দু মিয়া দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন। শনিবার রাতে তিনি মাদকের টাকা চেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। টাকা না পেয়ে তিনি মাকে মারধর শুরু করেন। এ সময় বড় ভাই হৃদয় মিয়া মায়ের উপর হামলার প্রতিবাদ করেন। এরপর দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা পরে ধস্তাধস্তিতে রূপ নেয়। এক পর্যায়ে হৃদয় মিয়া ছুরি দিয়ে গেন্দু মিয়ার বুকে আঘাত করেন। এতে গেন্দু গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত গেন্দু মিয়াকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
এদিকে, ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত বড় ভাই হৃদয় মিয়াকে আটক করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ঘটনার পরপরই মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহত গেন্দু মিয়া মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন