প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের গুজরাটের সুরাটে দীপাবলি উপলক্ষে, একজন ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের ২০ কর্মীকে এক লাখ রুপির বেশি করে নগদ বোনাস প্রদান করেছেন। এই উদারতার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা দেখা যাচ্ছে। বোনাস পাওয়ার পর কিছু কর্মী আবেগে কাঁদতে দেখা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যবসায়ীর নাম রামস্বরূপ মুন্ডে। তিনি সুরাটের একটি বস্ত্রপ্রতিষ্ঠানের মালিক। দীপাবলি উপলক্ষে, তিনি তার প্রতিষ্ঠানের ২০ কর্মীকে এক লাখ রুপির বেশি নগদ অর্থ উপহার দিয়েছেন।
বোনাস দেওয়ার পদ্ধতিতেও ছিল বিশেষত্ব। সাধারণ খামে টাকা না দিয়ে, রুপালি রঙের পূজার থালায় নতুন নোটের বান্ডিল সাজিয়ে রাখা হয়েছিল। ১০ থেকে ৫০০ রুপির নোট দিয়ে সাজানো এসব থালা কর্মীদের হাতে তুলে দেন তাদের স্ত্রীগণ। এই ব্যতিক্রমী আয়োজন কর্মীদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি করেছে।
অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, কর্মীরা একে একে নগদ অর্থের থালা গ্রহণ করছেন। কেউ আনন্দে আপ্লুত হচ্ছেন, আবার কেউ চোখের পানি ধরে রাখতে পারছেন না।
কর্মীদের প্রতি এমন উদারতার কারণ ব্যাখ্যা করে রামস্বরূপ মুন্ডে বলেছেন, তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের শুধু শ্রমিক হিসেবে দেখেন না; বরং তাদের নিজের পরিবারের অংশ মনে করেন। দীপাবলিতে কর্মীরা যেন আর্থিক দুশ্চিন্তামুক্ত হয়ে উৎসব উদযাপন করতে পারেন, সেটিই ছিল তার উদ্দেশ্য।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই এমন উদার মালিকের অধীনে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, "নিজের পরিবারের মতো কর্মীদের পরিবারকেও উৎসবের আনন্দে শামিল করার মানসিকতাই একজন মানুষকে প্রকৃত অর্থে ধনী করে তোলে।"
আরেকজন লিখেছেন, প্রত্যেক কর্মীর এমন একজন মালিক পাওয়া উচিত। কিছু মানুষ আবার ওই প্রতিষ্ঠানে চাকরির আবেদন কীভাবে করা যায়, তা নিয়েও মজা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন