প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : ইসরাইল হামাসের রাজনৈতিক শাখার প্রধান খলিল আল-হাইয়ার এক ছেলেকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।
শুক্রবার রাতে গাজায় সংঘটিত একটি বিমান হামলায় তাকে টার্গেট করা হয়, এমনটি হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে।
গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, তিনি ওই হামলা থেকে বেঁচে গেছেন।
এএফপি সংবাদ সংস্থার মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।
যুদ্ধবিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে হামাসের বিভিন্ন কর্মকর্তাদের উপর ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলার মধ্যে এটি সর্বশেষ ঘটনা।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার ইসরাইলি বাহিনীর হামলায় সাতজন নিহত হয়েছেন।
গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, হামাসের রাজনৈতিক শাখার প্রধান খলিল আল-হাইয়ার জীবিত থাকা ছেলেদের মধ্যে সবচেয়ে ছোট ইজ্জ আল-দিন আল-হাইয়া এবং তার প্রয়াত ভাই আজ্জামের পরিবারের সদস্যরা শুক্রবার ভোরে ইসরাইলের একটি হত্যাচেষ্টা থেকে রক্ষা পেয়েছেন।
গাজা সিটির পশ্চিমাঞ্চলের রিমাল এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে এই হামলা সংঘটিত হয়।
এ বিষয়ে এএফপির পক্ষ থেকে জানতে চাওয়া হলে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা ঘটনার তদন্ত করছে।
হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাসেম নাইম এএফপিকে বলেন, সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান খলিল আল-হাইয়ার ছোট ছেলেকে লক্ষ্য করে ইসরাইলের এই হামলার চেষ্টা ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’-এর শামিল।
অন্যদিকে, হামাস এক বিবৃতিতে এ হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছে।
ইসরাইলি হামলায় খলিল আল-হাইয়ার চার ছেলে ইতোমধ্যেই নিহত হয়েছেন।
চলতি বছরের মে মাসে একজন এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় আরেকজন নিহত হন।
এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইল আক্রমণের আগে গাজা যুদ্ধ শুরুর আগেই তার আরও দুই ছেলে নিহত হয়েছিলেন।
গাজায় ইসরাইলি হামলা অব্যাহত
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, শুক্রবার দক্ষিণ গাজার রাফাহ শহরের পশ্চিমাঞ্চলে ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন।
কাছের নাসের হাসপাতালও হামলার পর তিনজনের লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরাইলি সামরিক বাহিনী এএফপিকে জানায়, ওই এলাকায় ‘তিন সন্ত্রাসীকে’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এছাড়া, উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পশ্চিমাঞ্চলে আরেকটি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও আল-শিফা হাসপাতাল।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা এ ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আরও জানায়, গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে ইসরাইলি ড্রোন হামলায় আরও দুজন নিহত হয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষও হামলার পর দুজনের লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরাইলি সামরিক বাহিনী এএফপিকে জানায়, ওই এলাকায় একজন ‘সন্ত্রাসীকে’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এদিকে, রাফাহ এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।
ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা এ ঘটনার বিষয়টিও তদন্ত করে দেখছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন