প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জেমস অ্যান্ডারসন পেশাদার ক্রিকেটে নিজের ক্যারিয়ার ৪৫তম জন্মদিনের পরও দীর্ঘায়িত করছেন। ইংল্যান্ডের সাবেক এই পেসার ২০২৭ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপ মৌসুমের জন্য সারেতে যোগ দিয়েছেন। নতুন চুক্তির আওতায় তিনি লন্ডনের দ্য ওভালে খেলবেন।
গত মাসে নিজের কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের সঙ্গে ২৫ বছরের সম্পর্কের ইতি ঘটেছে। ক্লাবটি ২০২৬ মৌসুম শেষে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে সপ্তম স্থানে থেকে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থানে মৌসুম শেষ করার পর দল পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন ল্যাঙ্কাশায়ারের নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস।
অ্যান্ডারসন ক্লাব থেকে বাদ পড়ার পর অবসরের কথাও ভেবেছিলেন। তবে গত মৌসুমে ৫০ উইকেট নিয়ে ল্যাঙ্কাশায়ারের চ্যাম্পিয়নশিপ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া এই পেসার শেষ পর্যন্ত নতুন ঠিকানা বেছে নিয়েছেন। সারেতে যোগ দিয়ে তিনি আবারও প্রথম বিভাগে খেলার সুযোগ পাচ্ছেন। সেখানে ক্রিকেট পরিচালকের দায়িত্বে থাকা অ্যালেক স্টুয়ার্টের সঙ্গে কাজ করবেন অ্যান্ডারসন। ২০০৩ সালে লর্ডসে স্টুয়ার্টের সঙ্গেই টেস্ট অভিষেক হয়েছিল তাঁর।
অ্যান্ডারসন সারেতে যোগ দিয়ে বলেন, ‘সারের মতো একটি ক্লাবে যোগ দেওয়া সম্মানের। ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে আর অপেক্ষা করতে পারছি না। তাদের দারুণ একটি দল রয়েছে এবং তারা সব সময় চ্যাম্পিয়নশিপ জয়ের লড়াইয়ে থাকতে চায়। এমন দলের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত।’
নতুন ক্লাবে নিজের ভূমিকা নিয়ে আশাবাদী অ্যান্ডারসন। তিনি মনে করেন, মাঠে উইকেট নেওয়ার পাশাপাশি তরুণ ক্রিকেটারদের দক্ষতা উন্নয়নেও অবদান রাখতে পারবেন। অ্যান্ডারসন বলেন, ‘আমার মনে হয়, এখনো দেওয়ার মতো অনেক কিছু আছে। উইকেট নিতে এবং দলকে ম্যাচ জেতাতে সাহায্য করতে চাই। মাঠের বাইরেও দলকে অনেক কিছু দিতে পারব। তরুণ খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে এবং জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রস্তুত হতে সাহায্য করতে চাই।’
২০২৭ মৌসুমে তাঁর প্রধান লক্ষ্য ট্রফি জেতা। পাশাপাশি প্রথম বিভাগে ফেরার সুযোগকেও বিশেষভাবে দেখছেন অ্যান্ডারসন। তিনি বলেন, প্রথম বিভাগে চ্যাম্পিয়নশিপ জয়ের লড়াইয়ে নামার সুযোগ অনেক দিন পাননি। নতুন দলে নিজের যোগ্যতা প্রমাণ করে জায়গা করে নেওয়া কিংবা দলকে প্রয়োজনমতো সহায়তা করার চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তিনি।
অ্যান্ডারসনের সারের হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে। ইংল্যান্ডের হয়ে রেকর্ড ১৮৮ টেস্টের মধ্যে ১৬টি খেলেছেন দ্য ওভালে। এই মাঠে ৩৩.১৮ গড়ে নিয়েছেন ৫০ উইকেট। ২০১৮ সালে ভারতের বিপক্ষে মোহাম্মদ শামিকে আউট করে গ্লেন ম্যাকগ্রার ৫৬৩ টেস্ট উইকেটের রেকর্ড ছাড়িয়ে যান তিনি। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ৭০৪ উইকেট নিয়ে তাঁর অবস্থান তৃতীয়। মুত্তিয়া মুরালিধরন (৮০০) ও শেন ওয়ার্ন (৭০৮) তাঁর ওপরে রয়েছেন। দ্য ওভালে ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে হ্যাটট্রিকও করেছিলেন এই পেসার।
সারের ক্রিকেট পরিচালক অ্যালেক স্টুয়ার্ট বলেছেন, অ্যান্ডারসনের মতো মানসম্পন্ন ক্রিকেটারকে দলে পেয়ে তাঁরা আনন্দিত। গত মৌসুমে ৫০ উইকেট নেওয়াই প্রমাণ করে, তিনি এখনো দেশের অন্যতম সেরা বোলার। তাঁর অভিজ্ঞতা দলের অন্য বোলারদের উন্নতিতে সহায়ক হবে বলেও মনে করেন স্টুয়ার্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন