প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর বেশিরভাগ এলাকায় বর্তমানে বেকারির তৈরি খোলা পাউরুটি, যা বনরুটি নামে পরিচিত, এবং কেকের দাম বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে নিম্ন ও সীমিত আয়ের মানুষ চরম সমস্যায় পড়েছেন।
সম্প্রতি, বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি পণ্যের দাম ২০ শতাংশ বৃদ্ধি করেছে। কিছু ক্ষেত্রে, পণ্যের দাম অপরিবর্তিত রেখে ওজন কমিয়ে মূল্য সমন্বয় করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের খরচ বেড়ে গেছে।
রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ও চায়ের দোকান পরিদর্শন করে দেখা গেছে, মানভেদে ১০ টাকা দামের ছোট পাউরুটি বর্তমানে ১৫ টাকায় এবং ১০ টাকার সাধারণ কেক ১৫ টাকায় বিক্রি হচ্ছে। ১৫ টাকার রুটি-কেকের দাম ২০ টাকা করা হয়েছে।
তবে বেশিরভাগ দোকানে পণ্যের দাম না বাড়িয়ে, আগের তুলনায় ওজন ও সাইজ ছোট করে দেওয়া হয়েছে।
এদিকে, আকার ও ওজনের ভিত্তিতে হিসাব করলে, পরিবারে ব্যবহৃত বড় পাউরুটির দাম বেড়ে ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত হয়েছে। পাশাপাশি, বেকারিতে তৈরি শুকনো বিস্কুট, চানাচুর ও বনরুটির দামও কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা বেড়েছে।
বিক্রেতাদের মতে, ময়দা, চিনি, ভোজ্যতেল ও জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গেছে। এই কারণে সমিতির সিদ্ধান্ত অনুযায়ী দাম বৃদ্ধি করা হয়েছে।
বেকারি পণ্যের এই মূল্যবৃদ্ধির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দিনমজুর, রিকশাচালক ও নিম্ন আয়ের চাকরিজীবীরা। তাদের দৈনিক খাদ্য তালিকার একটি বড় অংশজুড়ে থাকে চা ও বেকারি পণ্য।
সেগুনবাগিচার রিকশাচালক রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "সারাদিন রিকশা চালিয়ে দুপুরের খাটুনি শেষে ৫-১০ টাকার বিস্কুট আর চা খেয়ে একটু পেটের ক্ষুধা মিটাতাম। এখন সেই বিস্কুটের দামও ৫ টাকা বেড়ে গেছে। সকালে দুটো বনরুটি আর চা খেলে আগে ২০ টাকায় হয়ে যেত, এখন ৩০ টাকা লাগে। দিনে যদি চা-নাশতাতেই অতিরিক্ত ২০-৩০ টাকা চলে যায়, তবে দিনশেষে পরিবারকে কী দেবো?"
একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক আসমা বেগম। তিনি বলেন, "বাচ্চারা সকালে স্কুলে যাওয়ার আগে পাউরুটি বা বিস্কুট খেতে চায়। ভাত রান্না করার সময় থাকে না। কিন্তু এখন যে হিসাব, তাতে বাচ্চার মুখে দুটো বিস্কুট তুলে দেওয়াও কঠিন হয়ে দাঁড়িয়েছে।"
বাজার বিশ্লেষকরা বলছেন, নিত্যপণ্যের সার্বিক মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ইতিমধ্যে তলানিতে গিয়ে ঠেকেছে। এর ওপর বেকারি পণ্যের মতো সহজলভ্য ও জরুরি খাদ্যের দাম বৃদ্ধি নিম্ন আয়ের পরিবারগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
এদিকে, কিছু কিছু বেকারির পণ্যের দাম বৃদ্ধিতে একধরনের অরাজকতা দেখা গেছে। ঘোষিত ২০ শতাংশের পরিবর্তে তাদের পণ্যের দাম বেড়ে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত হয়েছে। কারণ ১০ টাকার রুটি এখন ১৫ টাকা, আর ১৫ টাকারটি বিক্রি হচ্ছে ২০ টাকায়। কোথাও কোথাও দাম না বাড়িয়ে কমানো হয়েছে ওজন।
বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি মো. জালাল উদ্দিন বলেন, "রুটি ও কেক তৈরির কাঁচামালের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। বর্তমান বাজার পরিস্থিতিতে খরচ সামলানো অসম্ভব হয়ে পড়েছে। তাই বাধ্য হয়েই আমরা এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছি।"
এই সমিতির তথ্য অনুযায়ী, সারাদেশে ক্ষুদ্র বেকারি প্রায় সাত হাজার রয়েছে। এর মধ্যে রাজধানীতে রয়েছে সাত শতাধিক।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক শূন্য ২ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩২ শতাংশ। বাজারে মাছ, মাংস, সবজি, তেল, চিনি প্রভৃতি নিত্যসামগ্রীর দাম আগের তুলনায় বেশি। সেখানে রুটি, কেকের মতো বেকারি পণ্যের দাম বেড়ে যাওয়ায় খরচের পাল্লা আরও কিছুটা ভারী হয়েছে নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন