প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : পরিবেশ সুরক্ষার জন্য উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে আয়োজন করা ‘আর্থশট পুরস্কার’ অনুষ্ঠানে অংশ নিতে সোমবার ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পৌঁছেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম। এই সফরটি তিন দিনের, যার মধ্যে তিনি নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করবেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ভবিষ্যতের ব্রিটিশ রাজা প্রিন্স উইলিয়ামের সঙ্গে সফরে রয়েছেন তার স্ত্রী প্রিন্সেস ক্যাথরিন। সফরের সময় তাদের ভারতীয় জনপ্রিয় খেলা ‘গলি ক্রিকেট’ খেলার পরিকল্পনা রয়েছে, এছাড়া শহরের মেট্রোরেলে ভ্রমণ এবং বলিউডের একটি চলচ্চিত্র স্টুডিও পরিদর্শনের কথাও রয়েছে।
সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে প্রিন্স অব ওয়েলস উইলিয়াম জানিয়েছেন, ‘এ বছরের আর্থশট পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসতে পেরে ক্যাথরিন ও আমি আনন্দিত।’
আর্থশট পুরস্কার উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করা উদ্যোগগুলোকে সহায়তা করে, যা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে। প্রকৃতি সংরক্ষণ, সমুদ্র সুরক্ষা, বর্জ্য হ্রাস, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নির্মল বায়ু—এই পাঁচটি বিভাগে ১৫টি চূড়ান্ত মনোনীত উদ্যোগ থেকে পাঁচটি বিজয়ী নির্বাচন করা হবে।
মঙ্গলবার রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক বিজয়ীকে তাদের উদ্যোগের কার্যক্রম আরও সম্প্রসারণের জন্য ১০ লাখ পাউন্ড (প্রায় ১৩ লাখ মার্কিন ডলার) প্রদান করা হবে।
এই অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের উপস্থাপনায় অস্কারজয়ী অভিনেতা রামি মালেক, বলিউড তারকা আলিয়া ভাট ও সোনম কাপুর এবং কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রিন্স উইলিয়াম মন্তব্য করেন, ‘পরিবেশগত উদ্ভাবনের ক্ষেত্রে ভারত বিশ্বের অন্যতম সম্ভাবনাময় দেশে পরিণত হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলের মানুষ আমাদের সামনে থাকা বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবসম্মত সমাধান উদ্ভাবন করছেন।’
ভবিষ্যৎ নিয়ে আশাবাদ
নির্মল বায়ু বিভাগে চূড়ান্ত মনোনীত উদ্যোগগুলোর মধ্যে ভারতের যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা লাস্ট মাইল মোবিলিটি রয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বৈদ্যুতিক তিন চাকার যানবাহনের ব্যবসা সম্প্রসারণ করছে।
এছাড়া রয়েছে উগান্ডার ‘এয়ারকিউ’, যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ও দূষণ পর্যবেক্ষণ যন্ত্র ব্যবহার করে বায়ুর গুণমান পরিমাপ করে। আর্জেন্টিনার ‘স্যাটেলাইটস অন ফায়ার’ স্যাটেলাইটের তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দাবানল শনাক্ত করে।
সমুদ্রতীরবর্তী শহর মুম্বাই দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সমস্যায় ভুগছে। তবে শীতকালে উত্তর ভারতের মতো শহরটি সাধারণত ভয়াবহ ধোঁয়ায় ঢেকে যায় না।
অন্যদিকে, বুধবার রাজকীয় দম্পতির নয়াদিল্লিতে যাওয়ার কথা রয়েছে। সোমবারই যানবাহনের ধোঁয়া, কৃষিজমিতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো এবং শিল্পকারখানার দূষণে ভারতের রাজধানী বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায়।
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সোমবার নয়াদিল্লিতে ক্যানসার সৃষ্টিকারী সূক্ষ্ম বস্তুকণা পিএম ২.৫-এর মাত্রা প্রতি ঘনমিটারে ৫৫৬ মাইক্রোগ্রামে পৌঁছায়। এই মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশ করা দৈনিক সীমার ৩৭ গুণেরও বেশি।
২০২৪ সালে চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ’-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতে সূক্ষ্ম বস্তুকণাজনিত বায়ুদূষণের সঙ্গে ৩৮ লাখ মানুষের মৃত্যুর যোগসূত্র রয়েছে। ওই সময়ে দেশটিতে মোট মৃত্যুর প্রায় ৫ শতাংশের সমান এই সংখ্যা।
প্রিন্স উইলিয়াম বলেন, ‘চলতি সপ্তাহজুড়ে আমরা পরিবেশগত অগ্রগতিতে ভূমিকা রাখা উদ্ভাবক ও উদ্যোক্তাদের পাশাপাশি তরুণদের সৃজনশীলতা ও দৃঢ় প্রত্যয় উদ্যাপন করব। তাদের এই উদ্যোগ ভবিষ্যৎ নিয়ে আমাদের অনেক আশাবাদী করে তোলে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন