প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পঞ্চগড়, উত্তরের হিমালয়ঘেঁষা জেলা, শীতে কাঁপতে শুরু করেছে। দিন যত অগ্রসর হচ্ছে, তাপমাত্রা ততই নিচে নামছে। বিশেষ করে রাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। ভোরে ঘাসের ওপর শিশির জমছে এবং উত্তরের হিমেল বাতাস বইছে। দিনের বেলায় সূর্যের উপস্থিতি থাকলেও সন্ধ্যার পর ঠান্ডার অনুভূতি বাড়ছে। স্থানীয় বাসিন্দারা আগাম শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন। সোয়েটার, জ্যাকেট, চাদরসহ শীতের প্রয়োজনীয় পোশাক আলমারি থেকে বের করা হচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একই সময়ে তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, নভেম্বর মাসের শুরু থেকেই তেঁতুলিয়ায় শীতের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। কয়েক দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনের বেলায় রোদের দেখা মিললেও সন্ধ্যার পর থেকে রাতভর শীত অনুভূত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, রাতের বেলা ঠান্ডার অনুভূতি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শেষরাত ও ভোরে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। লেপ-কম্বল ব্যবহার করেও অনেক সময় ঠান্ডা থেকে রেহাই মিলছে না। হিমেল বাতাসের কারণে সকালে ঘরের বাইরে বের হলেই শীতের তীব্রতা টের পাওয়া যাচ্ছে।
জেলার বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, সকাল থেকেই কোথাও কোথাও হালকা কুয়াশার উপস্থিতি ছিল। শীতের প্রভাবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পাথরশ্রমিক, চা-শ্রমিক, কৃষিশ্রমিক ও দিনমজুররা। মহানন্দাসহ সীমান্তবর্তী নদীগুলোর ঠান্ডা পানিতে নেমে পাথর সংগ্রহ করা এবং শিশিরভেজা চা-বাগানে কাজ করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে অনেকের স্বাভাবিক কর্মতৎপরতা ব্যাহত হচ্ছে। ফলে দৈনিক আয় নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই কাজে নামতে হচ্ছে তাদের।
এদিকে আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, তাপমাত্রা আরও কমলে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টের মতো ঠান্ডাজনিত সমস্যার প্রকোপ বাড়তে পারে। বিশেষ করে শিশু, প্রবীণ এবং আগে থেকেই শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের বাড়তি সতর্কতা প্রয়োজন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে রোগীরা আসছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসে পঞ্চগড়ে শীতের অনুভূতি বাড়ছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন