প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চিরসবুজ নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সময় যেন তার জন্য ধীরগতিতেই চলতে থাকে। দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় সমানভাবে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন তিনি। বয়স বাড়লেও সৌন্দর্য, ব্যক্তিত্ব ও তারুণ্যদীপ্ত উপস্থিতিতে আজও দর্শকদের বিস্মিত করেন ঢালিউডের চিরসবুজ ও লাস্যময়ী অভিনেত্রী পূর্ণিমা। সামাজিক মাধ্যমে তার নতুন ছবি প্রকাশ পেলেই ভক্তদের একটাই কথা—‘পূর্ণিমার বয়স যেন বাড়েই না!’
শনিবার (১১ জুলাই) এই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন তিনি। সেই হিসেবে আজ তিনি ৪৫ বছরে পা রেখেছেন (৪৪ বছর পূর্ণ করেছেন) পূর্ণিমা।
মাত্র ১৫ বছর বয়সেই চলচ্চিত্রে তার পথচলা শুরু হয়। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় রিয়াজের বিপরীতে নায়িকা হিসেবে তার অভিষেক ঘটে। প্রথম ছবিতেই দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর তিনি আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে পূর্ণিমা প্রায় ৮০টি সিনেমায় অভিনয় করেছেন। তবে ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ভারত–বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘মনের মাঝে তুমি’ সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। ক্যারিয়ারে সবচেয়ে বেশি, প্রায় ২৫টি সিনেমায় তিনি রিয়াজের সঙ্গে অভিনয় করেছেন। এছাড়া বাংলাদেশে প্রায় সব শীর্ষ নায়কের বিপরীতেও দেখা গেছে তাকে, যেমন মান্না, শাকিব খান, ফেরদৌস, আমিন খান, রুবেল, কাজী মারুফ ও আরিফিন শুভ।
শুধু বাণিজ্যিক চলচ্চিত্রেই নয়, সাহিত্যনির্ভর সিনেমাতেও পূর্ণিমা নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুভা’ ও ‘শাস্তি’, এবং রাবেয়া খাতুনের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবে তিনি সফল। ছোট পর্দাতেও তার উপস্থিতি লক্ষ্যণীয়। জাহিদ হাসান পরিচালিত ধারাবাহিক নাটক ‘লাল নীল বেগুনী’-তে অভিনয় করেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।
ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় সময় বদলেছে এবং বদলেছে চলচ্চিত্রের ধারা। তবে পূর্ণিমার জনপ্রিয়তা কিংবা আবেদন একটুও কমেনি। বরং সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে এখনো দর্শকদের হৃদয়ে একইরকম ভালোবাসার জায়গা ধরে রেখেছেন এই চিরসবুজ নায়িকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন