প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফিলিস্তিনিদের ওপর নজরদারি এবং তাদের পরিচয় শনাক্ত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্মে ইসরায়েলি সামরিক বাহিনী ৩৫ লাখ ছবি আপলোড করেছে। এই ছবিগুলোর বিশ্লেষণের জন্য অ্যামাজনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি ‘রিকগনিশন’ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এই তথ্যটি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
গত সোমবার, ১৬ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের শুরুতে ছবিগুলো অ্যামাজনের ক্লাউডে স্থানান্তর করে ইসরায়েলি সামরিক বাহিনীর ‘রোলিং স্টোন’ নামে পরিচিত একটি বিভাগ। গার্ডিয়ানের হাতে আসা নথি ও সামরিক সূত্রের বরাতে জানা যায়, গাজা ও পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের ছবি এবং ব্যক্তিগত তথ্যের বিশাল ভান্ডার পরিচালনা করে এই বিভাগটি।
গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শুরুতে অ্যামাজনকে ছবিগুলো স্থানান্তরের পরিকল্পনার কথা জানায় বিভাগটি। উদ্দেশ্য ছিল, অ্যামাজনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি বিশ্লেষণ প্ল্যাটফর্ম রিকগনিশন ব্যবহার করে ফিলিস্তিনিদের মুখমণ্ডল শনাক্ত করা। তবে, সংবাদমাধ্যমটি নিশ্চিত করতে পারেনি যে, ৩৫ লাখ ছবির সবই সামরিক তল্লাশিচৌকি থেকে সংগৃহীত হয়েছে কি না।
২০২৩ সালের অক্টোবরে গাজায় স্থল অভিযান শুরুর পর বিভিন্ন সামরিক তল্লাশিচৌকি দিয়ে যাতায়াত করা ফিলিস্তিনিদের ছবি সংগ্রহ করত ইসরায়েলি বাহিনী। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এসব চৌকিতে মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে ফিলিস্তিনিদের ছবি সামরিক তথ্যভান্ডারে থাকা ছবির সঙ্গে মিলিয়ে দেখার ব্যবস্থা ছিল। তবে, ৩৫ লাখ ছবির সঙ্গে এসব তল্লাশিচৌকির ছবির সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
গাজায় সামরিক অভিযানের শুরুর দিকে হামাসের হাতে আটক জিম্মিদের শনাক্ত করতেও রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া, যাদের সশস্ত্র গোষ্ঠীর সদস্য হিসেবে সন্দেহ করা হয়েছিল, তাদের শনাক্ত করার কাজে মুখমণ্ডল চেনার প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছে গার্ডিয়ান। তবে, এই ধরনের প্রযুক্তির ভুল শনাক্তকরণের ফলে বেসামরিক মানুষও সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকি রয়েছে।
ফিলিস্তিনিদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণে ‘রোলিং স্টোন’ বিভাগটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এর তথ্যভান্ডারে ব্যক্তিগত ও পারিবারিক পরিচয়, সম্পত্তি, কর্মসংস্থানের অনুমতি, তল্লাশিচৌকিতে যাতায়াত এবং অপরাধসংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন জনসংখ্যা নিবন্ধনব্যবস্থার মাধ্যমে ১৬ বছর বয়সে পরিচয়পত্রের জন্য তোলা ফিলিস্তিনিদের ছবিও এই তথ্যভান্ডারে যুক্ত হয়েছে।
ইসরায়েল এবং অ্যামাজনের প্রযুক্তিগত সহযোগিতার ভিত্তি ২০২১ সালে স্বাক্ষরিত ‘প্রজেক্ট নিম্বাস’ নামের একটি চুক্তি। কয়েক শ কোটি ডলারের এই চুক্তির আওতায় অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) এবং গুগল ইসরায়েল সরকার এবং সামরিক বাহিনীকে ক্লাউড সেবা প্রদান করছে। গার্ডিয়ানের আগের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছিল, চুক্তির বিশেষ শর্ত অনুযায়ী, সেবার শর্ত ভঙ্গ হলেও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর পক্ষে ইসরায়েল সরকার ও সামরিক বাহিনীর ক্লাউড সেবা একতরফাভাবে বন্ধ বা সীমিত করা কঠিন।
২০২৩ সালের শুরুর দিকে ইসরায়েলে নতুন তথ্যকেন্দ্র চালু করে এডব্লিউএস। এর ফলে, ইসরায়েল সরকার ও সামরিক বাহিনী নিজেদের সার্ভারের তথ্য এসব তথ্যকেন্দ্রে স্থানান্তর করতে সক্ষম হয়। গার্ডিয়ানের হাতে আসা নথি অনুযায়ী, তেল আবিবের তথ্যকেন্দ্রে সামরিক অভিযান ও গোয়েন্দা তথ্য সংগ্রহের সঙ্গে সম্পর্কিত সংবেদনশীল তথ্য সংরক্ষণের জন্য আলাদা ও সুরক্ষিত ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালজুড়ে ‘রোলিং স্টোন’ বিভাগ বিপুল পরিমাণ তথ্য এডব্লিউএসের ক্লাউডে স্থানান্তর করেছে। এ কাজে যুক্ত এক সামরিক সূত্র গার্ডিয়ানকে জানায়, ছবি, ভিডিও এবং গোপন গোয়েন্দা তথ্যসহ সব তথ্যই ক্লাউডে নেওয়ার পরিকল্পনা ছিল। ২০২৪ সালে ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকর্তাদের এডব্লিউএসের তেল আবিব কার্যালয়ে কাজ করতেও দেখা যায়। তবে, তাদের ওই কাজ কার্যকর কোনো প্রকল্পে রূপ নিয়েছিল কি না, অথবা ৩৫ লাখ ছবি স্থানান্তরের সঙ্গে এর সম্পর্ক ছিল কি না, তা নিশ্চিত নয়।
এ বিষয়ে এডব্লিউএসের একজন মুখপাত্র গার্ডিয়ানকে জানিয়েছেন, গ্রাহকেরা নিয়মিত ব্রিফিং এবং বৈঠকের জন্য তাদের কার্যালয়ে আসেন। এসব সফরকে স্বাভাবিক গ্রাহক-যোগাযোগের বাইরে অন্য কোনো বিষয় হিসেবে দেখার ভিত্তি নেই। তিনি বলেন, এমন দাবি ভুল এবং ভিত্তিহীন। প্রতিষ্ঠানটির ভাষ্য, গ্রাহকেরা তাদের ক্লাউডে কী ধরনের তথ্য বা কাজ পরিচালনা করছেন, সে বিষয়ে তাদের সরাসরি জানার সুযোগ নেই।
ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র গার্ডিয়ানকে জানান, সামরিক কার্যক্রমের প্রয়োজন-সংশ্লিষ্ট সেবা বা যোগাযোগ নিয়ে তারা মন্তব্য করতে চায় না। ফলে, ৩৫ লাখ ছবি স্থানান্তর এবং মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে সরাসরি কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন