প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মন্তব্য করেছেন যে, বাংলা সাহিত্যের জাগরণে মীর মশাররফ হোসেনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। এই উপলক্ষে তার জন্মবার্ষিকী উদযাপনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা বলেন।
মন্ত্রী নিতাই রায় চৌধুরী আরও বলেন, “সারা দেশে থাকা প্রখ্যাত ব্যক্তিদের স্মৃতিবিজড়িত স্থানে অনুষ্ঠান করতে চাই।”
এ সময় বাংলা একাডেমি, স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধা জানায়। পরে সংস্কৃতিমন্ত্রী বেলুন উড়িয়ে জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
মীর মশাররফ হোসেনের কর্মময় জীবন ও সাহিত্যকর্ম নিয়ে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় স্থানীয় সংসদ সদস্য হারুন অর রশিদ, বাংলা একাডেমির মহাপরিচালকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্রে দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন, কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। পরে সেখানেই তাকে সমাহিত করা হয়। তার স্মৃতি রক্ষার্থে পদমদীতে নির্মিত হয়েছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র।
স্মৃতিকেন্দ্রে মীর মশাররফ হোসেনের স্ত্রী বিবি কুলসুম, ভাই মীর মোকাররম হোসেন ও তার স্ত্রী বিবি খোদেজা বেগমের সমাধিও রয়েছে। এখানে মীরের ভাস্কর্য, সংগ্রহশালা, সভাকক্ষ, গ্রন্থাগার, পাঠাগার ও আবাসিক কর্মকর্তার কক্ষও রয়েছে। তবে দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় দিন দিন তাদের সংখ্যা কমছে বলে জানা গেছে।
সাহিত্যিক মীর মশাররফ হোসেন ৩৭টি বই রচনা করেছেন, যার মধ্যে গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্মবিষয়ক রচনা অন্তর্ভুক্ত রয়েছে। তিনি সাহিত্যচর্চার পাশাপাশি কিছুদিন সাংবাদিকতাও করেছেন। তার উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে ‘রত্নাবতী’, ‘জমিদার দর্পণ’, ‘বিষাদ সিন্ধু’, ‘গো-জীবন’, ‘গাজী মিয়ার বোস্তানী’ ও ‘আমার জীবনী’।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন