প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্থানীয় জনতা গরু চুরির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এই ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত একজনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকাকালীন প্রথমে একটি গোয়ালঘরে আগুন লাগানো হয় এবং পরে পুলিশ চলে যাওয়ার পর একটি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে এই ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে রয়েছেন আজিজ মীরা, সাকিল হোসেন এবং নয়ন শিকদার, যারা সবাই শাহজিরা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আজিজ মীরার গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়, যা পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি উদ্ধার করেন। এ সময় আজিজ মীরার পরিবারের সদস্যদের সঙ্গে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ভোর ৪টার দিকে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
স্থানীয় বাসিন্দা আদম আলী শিকদার জানান, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তিনি বুধবার রাত ৩টা পর্যন্ত নিজের গোয়ালঘর পাহারা দেন। পরে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর গোয়ালঘরে গিয়ে একটি গরু না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
রাতের বৃষ্টির কারণে মাটিতে গরুর পায়ের ছাপ স্পষ্ট ছিল, সেই ছাপ অনুসরণ করে তিনি আজিজ মীরার বাড়িতে যান। সেখানে গরু পালনের বিষয়ে জানতে চাইলে আজিজ তা অস্বীকার করেন। পরে তার গোয়ালঘর থেকে গরুর ডাক শুনে ভেতরে গিয়ে নিজের গরুটি শনাক্ত করেন বলে দাবি করেন আদম আলী।
এদিকে গ্রামের আরেক বাসিন্দা নাসির খান অভিযোগ করেন, ১০ দিন আগে তার একটি গরু হারিয়ে যায়। সকালে আজিজ মীরার বাড়িতে চোরাই গরু উদ্ধারের খবর পেয়ে সেখানে গিয়ে গোয়ালঘরের পাশের গোবরের স্তূপে গরুর রশি ও চামড়ার কিছু অংশ দেখতে পান। তার ধারণা, হারিয়ে যাওয়া গরুটি জবাই করে মাংস বিক্রি করা হয়েছে।
এ খবর ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের কাছ থেকে আজিজ মীরাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে সকাল ৭টার দিকে আজিজ মীরার গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয়া হয়।
গৌরনদী মডেল থানা ও পার্শ্ববর্তী আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর উত্তেজিত জনতা আজিজ মীরার বসতঘরেও আগুন ধরিয়ে দেয়।
সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করা হচ্ছে আটক ব্যক্তিরা গরু চুরির সঙ্গে জড়িত কি না এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন