প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমির বিরোধের কারণে সংঘটিত হত্যা মামলায় তিন সহোদরকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এবং অনাদায়ে তাঁদের আরও ছয় মাসের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার (১৯ আগস্ট) বিকেলে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোল্ল্যা সাইফুল আলম এই আদেশ প্রদান করেন।
সাজাপ্রাপ্ত তিন ভাই হলেন— উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাড়াইকান্দি গ্রামের মৃত ইব্রাহীম ব্যাপারির ছেলে আবদুল হালিম (৩৯), আবদুল হামিদ (৩৭) এবং মাহাবুর রহমান (৩৫)। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
আদালত ও মামলা নথি সূত্রে জানা যায়, ২০১২ সালের ৪ জানুয়ারি সকালে সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর (বাড়াইকান্দি) গ্রামে আসামিরা একটি বিবাদমান জমির আইল উঠাতে গেলে তাঁদের ওয়ারিশ শাহাদাৎ হোসেন ও তাঁদের স্বজনরা তাঁদের বাধা দেয়। সেই সময় আসামিদের কোদাল ও লাঠির আঘাতে গুরতর আহত হন প্রতিপক্ষের শাহাদাৎ হোসেন, সাজেদা বেগম, সামছুল হক ও আবেদা বেগম। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শাহাদাৎ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরদিন ৫ জানুয়ারি সকাল ৯টা নাগাদ সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাৎ হোসেন মারা যান।
এ ঘটনায় নিহতের স্বজন আতাউর রহমান ওই দিনই সুন্দরগঞ্জ থানায় ১৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে থানার পুলিশ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বুধবার বিকালে আদালত এ রায় প্রদান করে। রায়ে ১৩ আসামির মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ জনকে খালাস দেওয়া হয়।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান বলেন, "মামলার দীর্ঘ ১৪ বছর পর সাক্ষ্য প্রমাণের শুনানি শেষে এই মামলায় তিন সহোদরকে যাবজ্জীবন এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে দণ্ডিত করেছে আদালত। অনাদায়ে তাঁদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মামলার অপর ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন