প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল দারুণভাবে ফিরে এসেছে। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পরাজয়ের পর, দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে সোবহানা মোস্তারির নেতৃত্বাধীন দলটি।
জিম্বাবুয়ের নির্ধারিত ১৩২ রানের লক্ষ্য বাংলাদেশের মেয়েরা মাত্র ১৫ বল বাকি থাকতেই অতিক্রম করে। তাদের হাতে ছিল ৯ উইকেট।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। উদ্বোধনী জুটিতে তারা মিলে ১০৪ রান যোগ করেন। এই জুটির মাধ্যমেই বাংলাদেশ জয়ের ভিত্তি স্থাপন করে।
দলীয় ১০৪ রানে সাথী বিচ্ছিন্ন হন। তিনি ৪৩ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন। এরপর শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে বাকি পথ অতিক্রম করেন দিলারা। শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন এই ওপেনার। অন্যদিকে শারমিন ৬ রানে অপরাজিত থাকেন।
এর আগে, টস জিতে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুতে তারা ভালোই করেছিল। প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩১ রান সংগ্রহ করে। সপ্তম ওভারে রাবেয়া খান বিলাভড বিজাকে ১২ রানে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন।
এরপর ব্যাটিং করতে নেমে শের্ন মেয়ার্স বেশি দূর এগোতে পারেননি। অপর ওপেনার কেলিস এনদোভলু ২২ রান করেন। তবে চতুর্থ উইকেটে চিপো-মুগেরি ত্রিপানো ও অধিনায়ক জোসেফিন এনকোমোর ব্যাটে জিম্বাবুয়ে ঘুরে দাঁড়ায়। তাদের গুরুত্বপূর্ণ জুটিতে দলীয় সংগ্রহ একশ ছাড়িয়ে যায়।
ত্রিপানো ৩০ বলে ৪০ রানের কার্যকর ইনিংস খেলেন। অধিনায়ক এনকোমোর ব্যাট থেকে আসে ৩৫ রান। এছাড়া মাভুঙ্গা ৮, মুতাশা ৩ এবং গুয়ানজো ১১ রান করেন। নির্ধারিত ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৩১ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান, যিনি তিনটি উইকেট শিকার করেন। দিশা বিশ্বাস দুটি উইকেট নেন। এছাড়া রিতুমনি একটি উইকেট লাভ করেন।
পাকিস্তানের বিপক্ষে হারের পর, জিম্বাবুয়ের বিপক্ষে এমন দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। বড় ব্যবধানের এই জয় টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর বার্তা প্রদান করেছে সোবহানা মোস্তারির দলের জন্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন