প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আধুনিকতার প্রভাব পড়ার আগে বরেন্দ্রভূমির মেঠোপথের অবস্থা কেমন ছিল? সন্ধ্যা নামলে চারপাশের নিস্তব্ধতা, বন্যপ্রাণীর ভীতি এবং ডাকাতের উপদ্রব— এমন এক অনিশ্চিত সময়ের মধ্যে ক্লান্ত পথিকদের জন্য আশ্রয় ও খাবারের এক অনন্য মানবিক উদ্যোগ হয়ে দাঁড়িয়েছিল একটি প্রতিষ্ঠান। প্রায় ১২ যুগ বা ১১৮ বছর ধরে নওগাঁর পোরশার ঐতিহাসিক ‘মুসাফিরখানা’ মানবতার ঐতিহ্যকে সযত্নে রক্ষা করে আসছে। সম্পূর্ণ বিনামূল্যে আশ্রয় ও খাবারের এই দৃষ্টান্ত আধুনিক সমাজেও বিরল মানবসেবার বার্তা প্রদান করে।
শতাব্দী আগে উন্নত যোগাযোগ ব্যবস্থা বা দ্রুতগতির যানবাহনের অস্তিত্ব ছিল না। মেঠোপথ ধরে হেঁটে অথবা গরুর গাড়িতে চড়ে মানুষ ব্যবসা-বাণিজ্য ও তীর্থযাত্রায় বের হতো। সেই সময় বণিক খাদেম মোহাম্মদ শাহ্ ব্যবসার প্রয়োজনে দূরদূরান্তে ঘুরে বেড়াতেন। কলকাতায় প্রথম মুসাফিরখানা দেখে তিনি নিজের জন্মভূমিতে এমন একটি সেবা প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখেছিলেন।
১৯০৮ সালে নওগাঁর পোরশার সদর এলাকার মিনা বাজারে নিজের বাসভবনের পাশে মাটির দেওয়াল ও টিনের চালে চার কক্ষের একটি ছোট মুসাফিরখানা গড়ে তোলেন। এই নিঃস্বার্থ সেবা চিরকাল ধরে রাখতে তিনি তার ৮০ বিঘা জমি দান করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে সেই সম্পত্তির আয় থেকে আধুনিক দ্বিতল ভবন নির্মাণ করা হয়। সময়ের পরিবর্তনে অনেক কিছু বদলে গেলেও এই প্রতিষ্ঠানের অতিথিপরায়ণতার চিত্র অপরিবর্তিত রয়ে গেছে।
পোরশা উপজেলা সদর বা আশপাশে কোনো বাণিজ্যিক আবাসিক হোটেল না থাকায় দূরদূরান্ত থেকে আসা পথচারী ও ব্যবসায়ীদের জন্য এই মুসাফিরখানা একমাত্র আস্থার স্থান। বর্তমানের দ্বিতল ভবনটিতে মোট ১৬টি কক্ষ ও একটি বড় হলরুম রয়েছে, যেখানে একসঙ্গে প্রায় ৬০ জন অতিথির থাকার ব্যবস্থা রয়েছে। এখানে অবস্থান করার ক্ষেত্রে কোনো সামাজিক বা ধর্মীয় ভেদাভেদ নেই। যেকোনো ধর্ম ও বর্ণের যে কেউ সম্পূর্ণ বিনামূল্যে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত এখানে থাকতে পারেন। অতিথিদের সার্বিক দেখভালের জন্য একজন ম্যানেজার ও দুজন কর্মচারী নিয়োজিত রয়েছেন।
প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত তিন বেলা খাবারের ব্যবস্থা থাকলেও সময়ের সাথে কিছু পরিবর্তন এসেছে। বর্তমানে প্রতি বুধবার দুপুরে বিনামূল্যে বিশেষ খাবার সরবরাহ করা হয়। এছাড়া প্রতিদিন যারা এখানে রাত যাপন করেন, তাদের খাবার গ্রহণের একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। মুসাফিরখানায় অবস্থানরতরা দুপুরে খেতে চাইলে সকাল ৯টার মধ্যে এবং রাতে খেতে চাইলে বিকেল ৪টার মধ্যে ম্যানেজারকে জানাতে হয়। তবে অতিথিদের নিজেদের বিছানা নিজেদেরই প্রস্তুত করতে হয় এবং পরিচ্ছন্নতার বিষয়গুলোও তাদের নিজ দায়িত্বে দেখাশোনা করতে হয়।
দীর্ঘ ১৮ বছর ধরে এখানে আগতদের সেবা দিয়ে আসছেন খাদেম মোসলেম উদ্দিন। প্রতিদিন ছায়া খুঁজে পাওয়া ৬-৭ জন পথিকের থাকার পাশাপাশি দুপুর ও রাতের খাবারের নিয়মও বেশ সুনির্দিষ্ট।
তিনি জানান, যারা এখানে থাকেন, তাদের নিজেদের বিছানা প্রস্তুত করতে হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলোও তাদেরই দেখভাল করতে হয়। প্রতিদিনই ছয়-সাতজন বিনা খরচে এখানে রাত যাপন করেন। দুপুরে খেতে চাইলে সকাল নয়টা আর রাতে খেতে চাইলে বিকেল চারটার মধ্যে জানাতে হয়।
মুসাফিরখানার প্রতিষ্ঠাতার বংশধর ষাটোর্ধ্ব ফারুকুজ্জামান শাহ বলেন, "খাদেম মোহাম্মদ শাহ্ আমার দাদার আপন বাবা। এই মুসাফিরখানায় যে কেউ থাকতে পারে, যেকোনো ধর্মের, যেকোনো বর্ণের। এখানে তিন দিন থাকা ফ্রি। আগে প্রতিদিন তিন বেলা খাবার দেওয়া হতো, এখন প্রতি বুধবার দুপুরে বিনামূল্যে খাবার খাওয়ানো হয়। এই মুসাফিরখানার সম্পত্তি থেকে যে আয় আসে, সেটা দিয়েই এটি পরিচালিত হয়। অতিথিদের সার্বিক দেখভালের জন্য একজন ম্যানেজার ও দুজন কর্মচারী আছেন।"
স্থানীয় প্রবীণরা জানান, তারা ছোটবেলা থেকেই এই মুসাফিরখানা দেখে আসছেন এবং মুরব্বিদের মুখে এর ইতিহাস শুনেছেন। অতীতে বরেন্দ্রভূমির মেঠোপথে গরুর গাড়িতে যাতায়াতের সময় বিপদের হাত থেকে বাঁচতে মানুষ এখানেই আশ্রয় নিত। দূরদূরান্ত থেকে আসা অতিথিরা জানান, এই প্রত্যন্ত অঞ্চলে ভাড়ায় থাকার মতো কোনো আবাসিক হোটেল না থাকায় বিনা খরচে এমন থাকা-খাওয়ার ব্যবস্থা সত্যিই কল্পনাতীত। এখানকার মানুষের আন্তরিকতা ও সেবার মান অতিথিদের মুগ্ধ করে।
প্রতিষ্ঠাতা খাদেম মোহাম্মদ শাহ্ আজ আর বেঁচে নেই, তবে তার দূরদর্শী চিন্তায় রোপিত মানবতার বীজটি আজও বরেন্দ্রভূমির বুকে ছায়া দিয়ে চলেছে শত শত ক্লান্ত পথিককে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন