প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে ২১ মাস বয়সী আবদুল্লাহ নামের এক শিশুর মৃত্যু ঘটেছে। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
আবদুল্লাহ উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়া এলাকার সিদ্দিক আহমদের বাড়ির প্রবাসী ওসমান আলীর সন্তান। তিন বছর আগে ওয়াফিকা আলিফের সঙ্গে ওসমান আলীর বিয়ে হয়। তাদের একমাত্র সন্তান আবদুল্লাহ জন্মগ্রহণ করে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবিবার রাতে আবদুল্লাহ বাড়ির মাটির গুদামঘরে খেলছিল। রাত ৮টার পর হঠাৎ কান্নাকাটি শুরু হলে পরিবারের সদস্যরা প্রথমে মনে করেন যে, এটি ব্যাঙের কামড়। পরে তারা শিশুটির শরীরে সাপের কামড়ের দুটি দাগ দেখতে পান।
শিশুটির মা ওয়াফিকা আলিফ বলেন, “আমার ছেলে খেলছিল। হঠাৎ চিৎকার করে উঠলে একটি সাপ চলে যেতে দেখি। পরে তার ডান হাতের বগলের নিচে ভালো করে খেয়াল করলে সাপের কামড়ের দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের দেয়ালে টাঙানো সাপের ছবি দেখে পদ্ম গোখরা বলে শনাক্ত করি। অ্যান্টিভেনম দিয়েও আমার ছেলেকে বাঁচানো গেল না। সাপের কামড়ে আমার কলিজার টুকরা ছেলেকে হারালাম।”
শিশুটির চাচা তাহসিন জানান, রাত পৌনে ১০টার দিকে আবদুল্লাহকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক অ্যান্টিভেনম দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মমিতা দাশ বলেন, রাত পৌনে ১০টার দিকে সাপে কামড়ানো এক শিশুকে হাসপাতালে আনা হয়। সাপের কামড় নিশ্চিত হওয়ার পর তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে শিশুটির মৃত্যুর খবর পাওয়া যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন