প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নদীভাঙনের কারণে ভিটেমাটি হারানো চরাঞ্চল, যা একসময় মানুষের দুর্ভোগের প্রতীক ছিল, বর্তমানে আয়ের উৎসে পরিণত হয়েছে। কৃষকেরা প্রাকৃতিকভাবে জন্মানো কাশ বিক্রি করে হাজার থেকে লাখ টাকা আয় করছেন, কোনো বীজ, সার কিংবা সেচ ছাড়াই। কাশ কাটা, আঁটি বাঁধা, পরিবহণ ও বাজারজাতকরণের কাজে হাজারো শ্রমজীবী মানুষ যুক্ত হয়েছেন। কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার চরাঞ্চল থেকে এই কাশ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে।
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার; লালমনিরহাটের ধরলা ও তিস্তা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা নদীর চরাঞ্চলে বিস্তৃত এলাকা জুড়ে প্রাকৃতিকভাবে কাশগাছ জন্মেছে। বন্যার পানি নেমে যাওয়ার পর জেগে ওঠা বালুময় জমিতে এই গাছগুলো জন্ম নেয়। কৃষকেরা নভেম্বরের দিকে কাশ সংগ্রহ করে বিক্রি করেন। যে জমিতে প্রচলিত ফসল চাষ করা কঠিন, সেই জমিই এখন বাড়তি আয়ের সুযোগ তৈরি করছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দের বাসিন্দা সিকান্দার আলী জানান, আগে কাশ মূলত গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে পানের বরজ তৈরিসহ বিভিন্ন কাজে এর চাহিদা বেড়েছে। প্রতি হাজার আঁটি কাশ ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তার হিসাব অনুযায়ী, এক বিঘা জমিতে এক থেকে দুই হাজার আঁটি পাওয়া যায়। সে হিসেবে বিঘাপ্রতি ৭ থেকে ১৬ হাজার টাকার কাশ বিক্রি সম্ভব।
আজিজুর রহমান, চর ভগপতীপুরের বাসিন্দা, বলেন, গত বছর নদীভাঙনে তার ভিটেমাটি বিলীন হয়ে যায়। এ বছর সেখানে নতুন চর জেগে প্রায় পাঁচ বিঘাজুড়ে কাশবন হয়েছে। কোনো উৎপাদন খরচ ছাড়াই কাশ বিক্রি করে তিনি এবার ৫০ থেকে ৬০ হাজার টাকা আয়ের আশা করছেন।
লালমনিরহাটের ফলিমারির চরের বাসিন্দা রহিম শেখ জানান, তার প্রায় ১০ বিঘা জমির কাশ পাইকাররা ৮৫ হাজার টাকায় কিনেছেন। একই এলাকার ধনিরাম চরের গোপাল রায় জানান, এ বছর কাশ বিক্রি করে তার আয় হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা। তবে কাশ কাটা ও আঁটি তৈরিতে শ্রমিকদের দিতে হয়েছে প্রায় ৬০ হাজার টাকা।
চিলমারীর চর করাই বরিশালের কৃষক আফতাব উদ্দিন তিন একর জমি থেকে ১৯ হাজার আঁটি কাশ সংগ্রহ করে ২ লাখ ৮৬ হাজার টাকায় বিক্রি করেছেন। কাশ কাটা ও পরিবহনে তার খরচ হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা।
কাশের বাণিজ্য ঘিরে চরাঞ্চলে মৌসুমি কর্মসংস্থান তৈরি হয়েছে। কাশ কাটা, আঁটি বাঁধা ও পরিবহণের কাজে যুক্ত শ্রমিক রফিকুল, চান মিয়া ও ফরিদ জানান, আগে কাজের সন্ধানে তাদের দক্ষিণাঞ্চলে যেতে হতো। এখন নিজ এলাকায় কাশের মৌসুমে দৈনিক ৪০০ থেকে ৬০০ টাকা মজুরিতে কাজ পাচ্ছেন।
শুকনো কাশ দিয়ে পানের বরজের ছাউনি, ঘরের বেড়া ও চালা তৈরি করা হয়। এ ছাড়া গোখাদ্য ও ফুলঝাড়ু তৈরিতেও এর ব্যবহার রয়েছে। রাজশাহী, বরিশাল, কুমিল্লা, কুষ্টিয়া, বরগুনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও যশোরসহ বিভিন্ন অঞ্চলের পানচাষি ও পাইকাররা উত্তরাঞ্চলের চর থেকে কাশ কিনে নিয়ে যান।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির বলেন, কাশ ও কাশখড় চরাঞ্চলের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ।
লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক জানান, চরে প্রাকৃতিকভাবে জন্মানো কাশ চাষাবাদ ও পরিচর্যার খরচ ছাড়াই বিক্রি করে মানুষ লাভবান হচ্ছেন।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, প্রাকৃতিকভাবে জন্মানো কাশ চরাঞ্চলের মানুষের সচ্ছলতা বাড়াতে ভূমিকা রাখছে।
কুড়িগ্রাম সিটি কলেজের অধ্যক্ষ ও উদ্ভিদবিদ মীর্জা মো. নাসির উদ্দিন বলেন, কাশের ঔষধি ও ভেষজ গুণ রয়েছে। এটি জ্বালানি ও ছাউনি তৈরিতেও ব্যবহৃত হয়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কাশ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ঘিরে ক্ষুদ্র শিল্প ও হস্তশিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন