প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের ফটিকছড়িতে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এবং পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
তার ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে ১০ জুলাই (শুক্রবার) দুপুরে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যাকবলিত অসহায় ও দুস্থ প্রতিবেশীদের মধ্যে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা যায়, ধুরুং খাল, হালদা নদী ও সর্তা খালের পানি বৃদ্ধি পেয়ে ফটিকছড়ির বেশ কয়েকটি নিচু এলাকা ও ফসলি জমি প্লাবিত হয়ে গেছে। ফলে সাধারণ মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে। দুর্যোগের এ পরিস্থিতির মধ্যে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই নিজ নির্বাচনী এলাকার দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন এমপি সরোয়ার আলমগীর।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে, হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, ইউপি সদস্য মোহাম্মদ শাহাজাহান প্রমুখ। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
এদিকে এমপি সরোয়ার আলমগীর এই সময় বলেন, "ফটিকছড়ির আপামর জনতা আমার পাশে থেকে যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তার প্রতিদান আমি জনগণের সুখ-দুঃখে পাশে থেকে দিতে চাই। বন্যার এই কঠিন পরিস্থিতিতে ফটিকছড়ির একজন মানুষও যেন না খেয়ে থাকে, সেই লক্ষ্যে স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনকে সঙ্গে নিয়ে কাজ করছি।"
তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "সরকারি সহায়তার পাশাপাশি আমাদের সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবো।"
এদিকে বন্যার্তদের মাঝে দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ায় স্থানীয় এলাকাবাসী নবনির্বাচিত এই সংসদ সদস্য ও প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় প্রশাসন বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং দুর্গতদের সহায়তায় জরুরি সকল ধরনের প্রস্তুতি জোরদার রেখেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন