প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, নূরুল ইসলাম সরকারকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনের মাধ্যমে টঙ্গী থেকে দেশের উত্তরাঞ্চল অচল করে দেওয়া হবে। নূরুল ইসলাম সরকারকে মিথ্যা মামলায় আসামী করে গত ২০ বছর ধরে কারাবন্দি রেখে ধীরে ধীরে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে। নূরুল ইসলাম সরকারের কিছু হলে টঙ্গী তথা গাজীপুরবাসী তা মেনে নেবে না।
শনিবার দুপুরে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের সামনে কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের নি:শর্ত মুক্তির দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আহসান উল্লাহ মাস্টারের হত্যার ঘটনা পুনঃতদন্ত করা হলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে। তিনি আওয়ামী লীগের নেতাদের দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতা থেকে এমপি-মন্ত্রীরা কোটি কোটি টাকা দুর্নীতি করে পালিয়েছে। তারা এখন কোথায়? তাদেরকে কেউ স্মরণ করে না। কিন্তু যদি মিথ্যা মামলায় নূরুল ইসলাম সরকার জেলে বসে মরেও যায়, তবুও গাজীপুরের মানুষ তাকে ১০০ বছর মনে রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারারুদ্ধ নূরুল ইসলাম সরকারের ছেলে বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি। টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি সালাহউদ্দিন সরকার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণ, আজিজুল হক রাজু মাস্টার, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, আইয়ুব আলী, নাজমুল হোসেন মন্ডল, সেলিম কাজল, রাতুল আহমেদ ভূঁইয়া, আব্দুস সাত্তার মিয়া, আলী আহমেদ টুকু, সাইফুল আক্তার প্রমুখ। এ সময় নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা অবরোধ করে মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে ঢাকা থেকে ময়মনসিংহগামী লেনে যান চলাচল স্থবির হয়ে যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলরত যাত্রী সাধারণ। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সফিউদ্দিন রোড, হোসেন মার্কেটসহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ করে এরশাদনর এলাকায় গিয়ে শেষ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন