প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বর্তমানে রোবট শুধুমাত্র মানুষের জন্য কাজ করছে না, বরং তারা অন্য রোবট তৈরির প্রক্রিয়াতেও অংশগ্রহণ করছে। চীনে একটি অত্যাধুনিক কারখানা চালু হয়েছে, যেখানে রোবট ও স্বয়ংক্রিয় প্রযুক্তির সাহায্যে হিউম্যানয়েড রোবট তৈরি করা হচ্ছে। এই কারখানার উৎপাদন ক্ষমতা প্রতি ১০ মিনিটে একটি করে শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী হিউম্যানয়েড রোবট উৎপাদনের সক্ষমতা রয়েছে।
চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউবিটেক রোবোটিকস গুয়াংশি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউঝৌ শহরে এই কারখানাটি প্রতিষ্ঠা করেছে। ১৪ হাজার বর্গমিটার আয়তনের এই কারখানায় বছরে ১০ হাজার হিউম্যানয়েড রোবট উৎপাদনের সক্ষমতা রয়েছে।
এখানে ইউবিটেকের ‘ওয়াকার এস’ ও ‘ক্রুজর’ সিরিজের শিল্পক্ষেত্রে ব্যবহারের উপযোগী হিউম্যানয়েড রোবট তৈরি করা হচ্ছে। উৎপাদন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো রোবট তৈরির বিভিন্ন ধাপে রোবটের ব্যবহার।
কারখানার সম্পূর্ণ উৎপাদন ব্যবস্থা একটি ডিজিটাল সিস্টেমের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা ইউবিটেক ‘স্মার্ট ব্রেইন’ বলে অভিহিত করছে। এই ব্যবস্থা উৎপাদনের বিভিন্ন ধাপের সমন্বয়, যন্ত্রাংশ পরিবহন এবং তৈরি হওয়া রোবটের মান যাচাইয়ে সহায়তা করছে।
এছাড়া, ‘ক্রুজর ওয়াই১’ ও ‘ক্রুজর এস২’ মডেলের হিউম্যানয়েড রোবট উপকরণ খালাস, সেগুলো স্তূপ করে রাখা, উৎপাদন লাইনে পৌঁছে দেওয়া এবং কারখানার ভেতরে পরিবহনের মতো কাজ করছে।
চূড়ান্ত অ্যাসেম্বলিতে রোবোটিক বাহু, চালকবিহীন লজিস্টিক যান, শক্তি-সহায়ক ম্যানিপুলেটর ও স্বয়ংক্রিয় ওয়ার্কটেবল ব্যবহৃত হচ্ছে। ফলে একই উৎপাদন লাইনে একাধিক ধরনের রোবট তৈরি করা সম্ভব হচ্ছে।
কারখানা থেকে বের হওয়ার আগে প্রতিটি রোবটকে চার ঘণ্টার বেশি সময় ধরে পরীক্ষা করা হয়। যান্ত্রিক ও কার্যকরী সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি ৩৬০ ডিগ্রি ভিজ্যুয়াল পরিদর্শনের মাধ্যমে রোবটের বাহ্যিক মান পরীক্ষা করা হয়।
রোবট সংরক্ষণের জন্যও স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে। ইউবিটেকের দাবি, মাত্র ৬৫ বর্গমিটার জায়গায় তাদের স্বয়ংক্রিয় গুদামে ১১২টি হিউম্যানয়েড রোবট রাখা সম্ভব। স্বয়ংক্রিয় গাইডেড ভেহিকল এবং চালকবিহীন ফর্কলিফটসহ বিভিন্ন যন্ত্র উৎপাদন, পরীক্ষণ ও সংরক্ষণ এলাকার মধ্যে রোবট ও যন্ত্রাংশ পরিবহন করে।
এদিকে, চীনে শিল্প রোবটের উৎপাদনও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে চীনে ৯৮ হাজার ৬৭৭টি শিল্প রোবট উৎপাদিত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ২ শতাংশ বেশি।
চলতি বছরের প্রথম সাত মাসে দেশটিতে শিল্প রোবট উৎপাদন হয়েছে ৬ লাখ ৩৫ হাজার ৫৬টি, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৫ শতাংশ বেশি।
বিশ্লেষকদের মতে, লিউঝৌয়ের নতুন কারখানাটি রোবট প্রযুক্তিকে গবেষণাগার থেকে বাস্তব শিল্প উৎপাদনের আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চীনের অগ্রগতির একটি উদাহরণ।
সূত্র: ইন্ডিয়া টুডে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন