প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় মাটির গভীর থেকে উদ্গীরিত গ্যাসের আগুন এখনও জ্বলছে। আগুনের উৎস, গ্যাসের প্রকৃতি এবং ভূগর্ভস্থ মজুতের সম্ভাবনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে। এ পরিস্থিতির সরেজমিনে পর্যবেক্ষণ করতে এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাপেক্সের একজন কর্মকর্তা এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারকে সঙ্গে নিয়ে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানীতে গ্যাস উদ্গীরণ ও অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন। এ সময় তাঁরা গ্যাস নির্গমনের স্থান এবং জ্বলন্ত আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ছোট ইনানী এলাকার একটি গভীর নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীরতায় গ্যাসের সন্ধান মেলে। একপর্যায়ে ভূগর্ভ থেকে গ্যাসের সঙ্গে পানি বেরিয়ে আসতে শুরু করে এবং গ্যাসে আগুন জ্বলে ওঠে। এরপর থেকে আগুন নিভছে না। দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে না আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
বাপেক্সের প্রাথমিক পর্যবেক্ষণে উদ্গীরিত গ্যাসে উচ্চমাত্রার হাইড্রোকার্বন ও কনডেনসেটের উপস্থিতির বিষয়টি উঠে এসেছে। তবে এটি বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসক্ষেত্র কি না, ভূগর্ভে কী পরিমাণ গ্যাসের মজুত রয়েছে এবং গ্যাসের প্রকৃত বৈশিষ্ট্য কী—তা নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
এর আগে বাপেক্সের পক্ষ থেকে ঘটনাস্থলে গ্যাস নির্গমনের পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা-সংক্রান্ত কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়েছিল। আগুনের উৎস বন্ধ করতে গিয়ে ভূগর্ভে গ্যাসের চাপ এবং অন্যত্র গ্যাস নির্গমনের সম্ভাবনার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
জ্বালানি বিভাগের যুগ্মসচিবের এই পরিদর্শনের মাধ্যমে ইনানীর গ্যাস উদ্গীরণ পরিস্থিতি মোকাবিলা ও সম্ভাব্য গ্যাসসম্পদ অনুসন্ধানে নতুন কোনো পদক্ষেপ আসে কি না, সেদিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, দ্রুত কার্যকর ও নিরাপদ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হবে এবং ভূগর্ভস্থ গ্যাসের প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন