প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যান ও দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে গবেষণায় নতুন দুই প্রজাতির সাপের সন্ধান পাওয়া গেছে।
কাপ্তাই জাতীয় উদ্যানে স্ট্রাইপড কিলব্যাক (Hebius parallelus) পাওয়া গেছে এবং দুধপুকুরিয়া–ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে বিন্দি কিলব্যাক (Rhabdophis bindi) মিলেছে।
এছাড়া, একই গবেষণায় আরও দুটি প্রজাতির সাপের উপস্থিতির তথ্য পাওয়া গেছে। সেগুলো হলো Dendrelaphis haasi ও Dendrelaphis cyanochloris।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে বন বিভাগের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এই গবেষণা পরিচালিত হয়েছে। গবেষণাপত্রটি গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’-এ প্রকাশিত হয়।
গবেষকদলের মধ্যে বন বিভাগের বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারের মো. সোহেল রানা, চীনের নানজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির সজীব বিশ্বাস, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ আলাবামার মাহি ওয়াসিম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার দত্ত অন্তর্ভুক্ত ছিলেন।
নতুন সাপগুলো কেমন
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কাপ্তাই জাতীয় উদ্যানে পাওয়া স্ট্রাইপড কিলব্যাকের গায়ের রং গাঢ় বাদামী। শরীরের দুই পাশে মাথা থেকে লেজ পর্যন্ত লম্বা ডোরা রয়েছে। এটি পাহাড়ি ছড়া, ঝোপঝাড় ও গাছের নিচে জমে থাকা শুকনো পাতার মধ্যে বিচরণ করে।
গবেষকদের পূর্ববর্তী গবেষণায় বাংলাদেশে সাপটির উপস্থিতির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। এবার পাহাড়ি ছড়াসংলগ্ন এলাকায় সাপটির সন্ধান পাওয়ার পাশাপাশি একটি নমুনাও সংরক্ষণ করা হয়েছে।
দুধপুকুরিয়া–ধোপাছড়িতে পাওয়া বিন্দি কিলব্যাকের রং বাদামী। এর ঘাড়ের পেছনে লাল টিপের মতো একটি দাগ রয়েছে, যা থেকে নামটি এসেছে।
গবেষণায় এই দুই বন ও আশপাশের এলাকায় ৩৬ প্রজাতির ২০৮টি সাপের তথ্য নথিভুক্ত করা হয়েছে।
৭৫ দিন ধরে দিন ও রাতে পাহাড়ি ছড়া, প্রাকৃতিক বন, সড়কের পাশের ঝোপঝাড় ও লোকালয়ে মোট ৪৮৮ কিলোমিটার এলাকায় জরিপ চালানো হয়।
গবেষকদের ধারণা, আরো নিবিড় গবেষণা হলে আরো প্রজাতির সন্ধান মিলতে পারে।
চারটি নতুন রেকর্ড
গবেষণাপত্রে চার প্রজাতির সাপকে বাংলাদেশের জন্য নতুন রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে Dendrelaphis haasi ও Dendrelaphis cyanochloris নিয়ে ২০২৫ সালের সেপ্টেম্বরে আলাদা গবেষণাপত্র প্রকাশ করেছিলেন গবেষকেরা। দুটি প্রজাতিই মূলত গাছে বিচরণ করে।
দলপ্রধান মো. সোহেল রানা জানিয়েছেন, এ দুটি সাপ আগে বাংলাদেশে শনাক্ত হয়নি; এগুলোর বাংলা নামও নেই, স্থানীয়রা বিভিন্ন নামে ডাকেন। স্ট্রাইপড কিলব্যাক ও বিন্দি কিলব্যাক এই প্রথম বাংলাদেশে শনাক্ত হলো।
তার ভাষ্য, বিন্দি কিলব্যাক আগে বান্দরবানের রুমায় একবার দেখা গিয়েছিল, কিন্তু এরপর আর তথ্য আসেনি। এবার বৈজ্ঞানিক প্রমাণ ও জেনেটিক বিশ্লেষণসহ প্রজাতিটি শনাক্ত করা হয়েছে।
শনাক্তের পর সাপগুলোর শারীরিক বৈশিষ্ট্য, আবাসস্থল ও অবস্থান নথিভুক্ত করা হয়েছে। শনাক্ত করা কঠিন প্রজাতির ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের গবেষণাগারে ডিএনএ বিশ্লেষণ করা হয়েছে। আশীষ কুমার দত্ত জানিয়েছেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের এই বনগুলোতে শুধু সাপের সন্ধানে গবেষণা এই প্রথম এবং পাওয়া প্রজাতিগুলোর মধ্যে ১০টির ডিএনএ বিশ্লেষণ করা হয়েছে।
কর্ণফুলীতে সামুদ্রিক সাপ
গবেষণায় কর্ণফুলী নদীতে পাওয়া সাপের তথ্যও এসেছে। মাছ ধরার সময় স্থানীয় জেলেরা দুই প্রজাতির সামুদ্রিক সাপের সন্ধান পান: বিকড সি স্নেক (Hydrophis schistosus) ও রাসেলস সি স্নেক (Hydrophis obscurus)। প্রজাতি দুটি মূলত সমুদ্রে থাকে, নদীর মোহনায়ও এদের উপস্থিতির তথ্য আছে। কর্ণফুলীতে পাওয়ায় তুলনামূলক কম লবণাক্ত পানিতে এদের বিচরণের নতুন প্রমাণ মিলেছে। আশীষ কুমার দত্তের ধারণা, জোয়ার-ভাটার কারণে সাপ দুটি নদীর ওপরের দিকে এসেছে।
আবাসস্থল সংকটে
গবেষকদের মতে, নতুন প্রজাতির সন্ধান মিললেও সাপের আবাসস্থল ভালো অবস্থায় নেই। বনের পাশে সড়ক নির্মাণ, বন উজাড়, বনে আগুন, কৃষিজমির সম্প্রসারণ ও দূষণে এদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।
গবেষণা চলাকালে এক বছরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যাওয়া ২৫টি সাপ পাওয়া গেছে, যার মধ্যে বাংলাদেশে অতি বিপন্ন হিসেবে চিহ্নিত রেটিকুলেটেড পাইথন বা জাল অজগরও রয়েছে। কাপ্তাই জাতীয় উদ্যানে ১৮টি এবং দুধপুকুরিয়া–ধোপাছড়ি অভয়ারণ্যে সাতটি সাপ এভাবে মারা যায়।
আশীষ কুমার দত্ত জানিয়েছেন, কাপ্তাই জাতীয় উদ্যানের পাশের সড়ক সাপের ঝুঁকি বাড়িয়েছে এবং নিয়মিত গাড়িচাপায় সাপ মারা যাচ্ছে। দুধপুকুরিয়ার বনে চাষাবাদ অনেক বেড়েছে, সেখানে লেবু ও আনারসসহ নানা ফসল হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরন বদলানোর ফলে আগামী কয়েক দশকে সাপের বসবাসের উপযোগী পরিবেশ আরো সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।
গবেষণার জন্য সংগ্রহ করা ১০টি সাপের নমুনা গাজীপুরের বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারে সংরক্ষণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন