প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সৌদি আরবে গিয়েছিলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ মতিউর রহমান (২৫), যিনি অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেশে রেখে সেখানে পাড়ি দিয়েছিলেন। প্রবাসে যাওয়ার তিন মাস পর তার একটি ছেলেসন্তান জন্মগ্রহণ করে। কিন্তু সেই ছেলেকে কোলে নেওয়ার আগেই সৌদিতে ছুরিকাঘাতে তার মৃত্যু ঘটে।
সৌদি আরবের স্থানীয় সময় অনুযায়ী ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানী রিয়াদের হারা এলাকায় ভাড়া বাসায় তাকে হত্যা করা হয়। রান্না নিয়ে রুমমেটদের সঙ্গে বিরোধের কারণে তাকে মারধর ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সৌদিতে অবস্থানরত এক স্বজনের মাধ্যমে খবর পেয়ে সৌদি পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত মতিউর রহমান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আবদুস সালামের ছেলে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি সৌদি আরবে যান। রিয়াদের হারা এলাকায় একটি বাসার একটি কক্ষে ছয়জনের সঙ্গে তিনি ভাড়া থাকতেন।
মতিউরের ভাই সাইফুর রহমান গণমাধ্যমকে জানান, ১৪ সেপ্টেম্বর রাতে রান্না নিয়ে একই কক্ষে থাকা দুই ভাই নজরুল ইসলাম ও আমিনুল ইসলামের সঙ্গে মতিউরের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে দুই ভাই মিলে মতিউরকে মারধর করেন। পরে ছুরিকাঘাতের ফলে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। এ সময় মতিউরকে হাসপাতালে না নিয়ে রুমমেটরা পালিয়ে যান। পরে কোম্পানীগঞ্জের একজনের মাধ্যমে তারা বিষয়টি ১৫ সেপ্টেম্বর সকালে জানতে পারেন। এরপর সৌদিতে থাকা এক স্বজনকে জানালে তিনি পুলিশ নিয়ে মতিউরের মরদেহ উদ্ধার করেন।
সাইফুর রহমান গণমাধমকে বলেন, "আমার ভাই পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য সৌদিতে গিয়েছিল। মাত্র ছয় মাস হয়েছে। দেশে তার তিন মাসের একটি ছেলে আছে। ছেলেটা এখনো বাবাকে ঠিকমতো চিনতেই শেখেনি। অথচ বাবা মারা গেল।" তিনি আরও জানান, মতিউরের মৃত্যুর খবর শোনার পর থেকেই তার স্ত্রী বারবার সংজ্ঞা হারাচ্ছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন