প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে এক কোটি দুই লাখ টাকার বেশি মূল্যের অবৈধ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৫টার দিকে ইসলামপুর এলাকায় সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০০১ থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় কাভার্ড ভ্যানটি থেকে অবৈধভাবে আনা ৯ হাজার ৯৩৬ কেজি ভারতীয় ফুচকা এবং ৩ হাজার ৮২০ প্যাকেট বিস্কুট উদ্ধার করা হয়। একই সঙ্গে মালামাল পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। জব্দ করা মালামাল ও কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা।
সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহাম্মদ জানান, বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। বিজয়নগর, আখাউড়া ও মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা কাভার্ড ভ্যান ও ভারতীয় পণ্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন