প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের বেকুটিয়া সেতুর উপর দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘটিত দুর্ঘটনায় আহত আরও দুজনের মৃত্যু ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে, ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার আগেই এক তরুণের মৃত্যু ঘটে। এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা তিনজনে পৌঁছেছে। আহত অপর দুজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন—কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে সান্তনু রায় শান্ত (২৩), কেউন্দিয়া গ্রামের বাবর মাঝির ছেলে সুনান মাঝি এবং একই গ্রামের বাদল মৃধার ছেলে সাজিদ (২৩)। সাজিদ ও সুনান খালাতো ভাই। সাজিদ কাউখালী সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী ছিলেন, আর সুনান কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। আহতদের মধ্যে রয়েছেন—কাউখালী উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের মাহফুজুর রহমান (২৫) ও বেকুটিয়া এলাকার জয় (২৬)। জয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, তবে মাহফুজুর রহমান খুলনায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলোচনা করে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কঁচা নদীর ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাউখালী প্রান্ত থেকে দুটি মোটরসাইকেল পিরোজপুরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রলি একটি বাসকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করার সময় মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায় এবং পাঁচজন আরোহী সড়কে ছিটকে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। পরে গুরুতর অবস্থায় থাকা সুনান, সাজিদ ও মাহফুজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। সেখানে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সুনান ও সাজিদের মৃত্যু ঘটে।
পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, শান্তকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। আহত অন্য তিনজনের অবস্থাও আশঙ্কাজনক ছিল।
পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন