প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আজ ১৫ নভেম্বর; ভয়াল ঘূর্ণিঝড় সিডর দিবস। ১৯ বছর পেরিয়ে গেলেও, উপকূলের জনপদে স্বজন হারানোর বেদনা এবং সিডরের ক্ষত এখনও শুকায়নি।
প্রাকৃতিক দুর্যোগের সেই ভয়াবহ স্মৃতি আজও বরগুনার পাথরঘাটার মানুষদের তাড়া করে ফিরছে, অন্য উপকূলীয় এলাকার মতো।
স্থানীয়রা জানান, আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা সংকেত পেলেই ভাঙনপ্রবণ বেড়িবাঁধসংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের দাবি, শুধু সংস্কার নয়, উপকূল রক্ষায় টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজন।
২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের প্রবল ঝড় ও জলোচ্ছ্বাসে পাথরঘাটাসহ জেলার বিস্তীর্ণ জনপদ লণ্ডভণ্ড হয়ে যায়। মুহূর্তের মধ্যে মানুষের ঘরবাড়ি ও ক্ষেতের ফসলসহ সহায়-সম্বল তছনছ হয়ে যায়।
সরকারি হিসাব অনুযায়ী, সিডরে পাথরঘাটায় ৩৪৯ জনসহ জেলায় মোট এক হাজার ৩৪৫ জন প্রাণ হারান। হাজার হাজার কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ধ্বংস হয়, ফসলের ক্ষেত ভেসে যায়। অনেক পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারায়। স্বজন ও সম্পদ হারানোর ক্ষতি আজও বহু পরিবারের জন্য পূরণ হয়নি।
নদী ছাড়া আমাদের বাঁচার পথ নেই’
উপকূলের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সিডরের ১৯ বছর পরেও তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। বিশেষ করে নদীর ভাঙনপ্রবণ এলাকা এবং বেড়িবাঁধের বাইরে বসবাসকারী পরিবারগুলো প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছে।
তারা জানান, সামান্য বৈরী আবহাওয়া কিংবা ঘূর্ণিঝড়ের সতর্কতা সংকেত জারি হলেই আতঙ্ক দেখা দেয়। জলোচ্ছ্বাসের পানি লোকালয়ে প্রবেশ করে ঘরবাড়ি ও ফসলি জমি ভাসিয়ে নেওয়ার আশঙ্কায় অনেকে নির্ঘুম রাত কাটান।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় বেড়িবাঁধ সংস্কার করা হলেও অনেক এলাকায় তা স্থায়ী ও টেকসই হচ্ছে না। সিডরে উপজেলার ‘পদ্মা-ভাঙন’ নামে যে বাঁধটি প্রথমে বিলীন হয়েছিল, তার মেরামত ১৯ বছরেও হয়নি, এর কারণ কেউ জানে না।
পদ্মা এলাকার বাসিন্দা মো. নুরু মুন্সি বলেন, এলাকায় একটি শক্তপোক্ত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজন। নদীর পানি বৃদ্ধি কিংবা জলোচ্ছ্বাস হলে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা দেখা দেয়। তাই নদীভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে থাকা এলাকাগুলো চিহ্নিত করে স্থায়ীভাবে ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের।
পাথরঘাটা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সগির আলম জানান, পদ্মাস্লুইজ ও চরলাঠিমারা এলাকায় বেড়িবাঁধের বাইরে অন্তত পাঁচ হাজার দরিদ্র মানুষের বসবাস রয়েছে। প্লাবন হলে তা অনেক মানুষের মৃত্যুর কারণ হতে পারে।
নির্বাচনের অগে সংসদ সদস্য ও চিফ হুইপের কাছে তাদের সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে বলে জানান এই ইউপি চেয়ারম্যান।
এ ব্যাপারে বরগুনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান বলেন, পাথরঘাটা উপজেলায় ১১৭ কিলোমিটার দীর্ঘ বাঁধের মধ্যে ১৮ কিলোমিটার অংশ ঝুঁকিপূর্ণ। নদীর ভাঙনপ্রবণ এলাকাগুলো আমাদের নজরে রয়েছে। এসব এলাকায় স্থায়ীভাবে ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, সরকার এ পরিকল্পনা অনুমোদন দিলে বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলীয় এলাকার মানুষের জানমাল, ফসলি জমি ও বসতবাড়ি ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন